অধ্যায় ৭
মুখোশ
এই অধ্যায়ে
এখন পড়ছেনঃ — জন
এখন পর্যন্ত পড়েছেনঃ — বার
সোমবার সকালে মোহাম্মদপুরের রাস্তা নদী হয়ে গেল।
রাতভর বৃষ্টি হয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে দেখি গলির মুখ পর্যন্ত হাঁটুপানি। রিকশাওয়ালারা পানিতে নামতে রাজি, কিন্তু ভাড়া ডবল। স্কুলের সামনে পৌঁছাতে আমার দিতে হলো ষাট টাকা, যেখানে অন্যদিন ত্রিশ। রিকশাওয়ালা মামা পানি ঠেলতে ঠেলতে বললেন, “আফা, এই পানির মধ্যে প্যাডেল মারা আর নদীতে নৌকা বাওয়া একই কথা। নৌকায় অন্তত সিট ভিজে না।”
আমার স্কুলের জুতা ভিজে চুপচুপে। ক্লাসে বসে মোজা খুলে বেঞ্চের নিচে শুকাতে দিলাম। রিয়া নাক কুঁচকাল।
“তোর টিকটকটা ডিলিট করলাম,” রিয়া ফিসফিস করে বলল, বাংলা স্যার যখন বোর্ডে সমাস লিখছেন। “এখন বল কেন।”
“পরে।”
“এখনই। নইলে আবার আপলোড করব। আমার কাছে ব্যাকআপ আছে।”
আমি রিয়ার দিকে তাকালাম। রিয়া মজা করছে, কিন্তু কথাটা সত্যি। ব্যাকআপ আছে। ব্যাকআপ সবসময় থাকে। একটা জিনিস একবার ইন্টারনেটে চলে গেলে সেটা পুরোপুরি ফেরত আনা যায় না, যেভাবে টুথপেস্ট টিউবে ফেরত ঢোকানো যায় না।
টিফিনের সময় আমি রিয়াকে বললাম। সব না। নাম না, জায়গা না। শুধু এটুকু যে, কারও মৃত বাবার গলা নকল করে একজন তার মাকে ফোন করছে, আর গলাটা বানানো হয়েছে তাঁর ভিডিও থেকে।
রিয়া অনেকক্ষণ চুপ করে রইল। সিঙাড়াটা হাতেই ঠান্ডা হয়ে গেল।
“আমার আব্বু তো দুবাইতে,” শেষে বলল। “প্রতি শুক্রবার আম্মুকে ভিডিও কল দেয়। আম্মু সেগুলো রেকর্ড করে ফেসবুকে দেয়। ক্যাপশন দেয়, আমাদের পরিবার।” রিয়া আমার দিকে তাকাল। চোখ দুটো বড় বড়। “মায়া, ওখানে তো আব্বুর গলা ঘণ্টার পর ঘণ্টা।”
আমি কিছু বললাম না। রিয়া সিঙাড়াটা নামিয়ে রেখে ফোন বের করল। আম্মুকে মেসেজ লিখতে শুরু করল।
এটা আমি আশা করিনি। মামা কোনোদিন রিয়াকে চিনবে না। কিন্তু মামার একটা প্রশ্ন আমার মাথা থেকে রিয়ার মাথায় চলে গেছে, আর রিয়ার মাথা থেকে এখন দুবাইয়ে একজন আব্বুর কাছে যাবে। প্রশ্নগুলো মনে হয় এভাবেই হাঁটে। মানুষের চেয়ে দ্রুত।
বিকেলে লক্ষ্মীবাজারের মোড়ে নেমে প্রথমেই নাকে চাপ দেওয়ার জন্য হাত তুললাম। তারপর থেমে গেলাম।
গন্ধটা নেই। পুরোপুরি না, কিন্তু অনেকটাই। আবর্জনার স্তূপটা অর্ধেক হয়ে গেছে, আর তার পাশে একটা ভ্যান দাঁড়িয়ে, ভ্যানের ওপর বড় বড় বস্তা। একটা লোক কোদাল দিয়ে স্তূপ থেকে ময়লা তুলে বস্তায় ভরছে। পাশে দাঁড়িয়ে তদারকি করছেন মতিন সাহেব, হাতে তসবি, মুখে বিজয়ীর হাসি।
“আপা কই?” আমাকে দেখেই জিজ্ঞেস করলেন।
“আম্মু আসেনি আজ।”
“আপারে কইবা, বাইশ বাড়ির মধ্যে চৌদ্দ বাড়ি রাজি। জুম্মার পরে আমি নিজে দাঁড়াইয়া কইছি। কইছি, এইটা তাহমিদ মিয়ার বোনের আইডিয়া। কেউ না কইতে পারে নাই।” তিনি গর্বে বুক ফুলালেন। “বাকি আট বাড়িও রাজি হইব। লজ্জায়।”
ভ্যানের লোকটা কোদাল থামিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসল। আমিও হাসলাম। আম্মুকে আজ রাতে একটা মেসেজ পাঠাতে হবে। আম্মু খুশি হবে, কিন্তু খুশিটা চেপে রাখবে, যেভাবে আম্মু সবসময় রাখে।
ছাদে মামার ঘরের দেয়ালে একটা জিনিস ঝোলে, গত বছর পয়লা বৈশাখে আমি দিয়েছিলাম। চারুকলার মঙ্গল শোভাযাত্রার একটা বাঘের মুখোশ, কাগজের মণ্ড দিয়ে বানানো, হলুদ আর কালো ডোরা, বড় বড় দাঁত। দিয়েছিলাম মজা করে, বলেছিলাম, বিড়ালটাকে ভয় দেখানোর জন্য। মেটাডেটা মুখোশটাকে পাত্তাও দেয়নি। মামা কিন্তু ফেলে দেয়নি। পেরেকে টাঙিয়ে রেখেছে।
আজ মামা মুখোশটা দেয়াল থেকে নামাল।
“পর,” মামা বলল, আমার দিকে এগিয়ে দিয়ে।
“এখন? কেন?”
“পর।”
আমি মুখোশটা পরলাম। ভেতরে কাগজ আর পুরোনো আঠার গন্ধ। চোখের ফুটো দুটো একটু ছোট, তাই পৃথিবীটা দুটো গোল জানালা হয়ে গেল।
“এখন কিছু বল।”
“কী বলব?”
“যা খুশি।”
“আমি একটা বাঘ,” আমি বললাম, যতটা গম্ভীর গলায় পারা যায়। “আমাকে চা দাও।”
মামা প্রায় হাসল। “আমি কী দেখছি?”
“একটা বাঘ।”
“কী শুনছি?”
“আমাকে।” আমি মুখোশটা একটু তুললাম। “মায়ার গলা।”
“এবার উল্টোটা ভাব।” মামা মুখোশটা আমার হাত থেকে নিয়ে মাদুরের ওপর রাখল। বাঘটা ছাদের দিকে মুখ করে শুয়ে রইল, দাঁত বের করে। “মুখোশটা যদি মুখে না পরে, গলায় পরা যায়?”
আমি বুঝলাম না। তারপর আস্তে আস্তে বুঝতে শুরু করলাম।
“মানে কেউ কথা বলছে, নিজের মুখে, নিজের মতো করে,” মামা বলল। “কিন্তু তার গলার ওপর একটা মুখোশ। যে শুনছে, সে শুনছে অন্য একজনের গলা। ঠিক যেভাবে তুই এইমাত্র বাঘ দেখলি, কিন্তু ভেতরে ছিলি তুই।”
“এটা করা যায়?”
“যায়। গত বৃহস্পতিবারের আগে পর্যন্ত যে গলা ফোন করত, সেটা ছিল রেকর্ড করা। আগে থেকে লেখা কথা, আগে থেকে বানানো। স্টেশনের মাইকের মতো। কিন্তু গত বৃহস্পতিবার আন্টি যখন জিজ্ঞেস করলেন, তুমি খাইছ, গলাটা উত্তর দিল।” মামা থামল। “যে কথা বলছিল, সে শুনছিল।”
ছাদে বাতাস একটু থেমে গেল মনে হলো। বা হয়তো আমার কানই থেমে গেল।
“তার মানে,” আমি বললাম, “ওই রাতে, ওই সময়ে, কেউ একজন সত্যি সত্যি জেগে ছিল। ফোন হাতে নিয়ে। আন্টির কথা শুনছিল। আর আঙ্কেলের গলায় উত্তর দিচ্ছিল।”
“হ্যাঁ।”
“একজন মানুষ।”
“একজন মানুষ।”
আমার মনে হলো, এতদিন ভূতটা যেন একটা কুয়াশা ছিল। এখন কুয়াশাটা জমে একটা আকার নিয়েছে। দুটো হাত, একটা মুখ, একটা ফোন। কোথাও একটা ঘরে বসে আছে। হয়তো চা খাচ্ছে।
“তাহলে প্রশ্ন করেও লাভ নেই?” আমি জিজ্ঞেস করলাম। “রেকর্ডিং হলে প্রশ্ন করলে ধরা পড়ে। কিন্তু মানুষ হলে তো উত্তর দিয়ে দেবে।”
“লাভ আছে।” মামা মুখোশটার দিকে তাকিয়ে রইল। “মুখোশ গলা বদলায়। মাথা বদলায় না। যে মুখোশের নিচে আছে, সে শুধু ততটুকুই জানে, যতটুকু সে জেনেছে। তার বেশি না।”
আমি কথাটা মাথার ভেতর কয়েকবার ঘোরালাম। মুখোশ গলা বদলায়, মাথা বদলায় না।
“খাইছি মুনিয়া, তুমি না খাইয়া ঘুমাইও না,” আমি আস্তে বললাম। “এটা তো যে কেউ বলতে পারে।”
মামা আমার দিকে তাকাল। কিছু বলল না। কিন্তু আমি বুঝলাম, আমি একটা দরজার সামনে এসে দাঁড়িয়েছি, যেটা মামা অনেক আগেই দেখেছে।
রাতে বাসায় ফিরে আম্মুকে মতিন সাহেবের খবরটা দিলাম। চৌদ্দ বাড়ি রাজি, ভ্যান এসেছে, অর্ধেক স্তূপ নেই।
আম্মু রান্নাঘর থেকে মুখ বাড়াল। “চৌদ্দ?” তারপর একটু ভেবে বলল, “বাকি আটটা বাড়ির নাম জেনে আসিস। আমি নিজে গিয়ে কথা বলব।”
আম্মু খুশি হয়েছে। আমি জানি। কারণ আম্মু সেদিন রাতে আমার পড়ার টেবিলের দিকে একবারও তাকায়নি।
বুধবার বিকেলে রোজারিও সাহেব এলেন। দুইটা টোকা। হাতে ফাইল, মুখে এমন একটা উত্তেজনা যে মনে হচ্ছিল ফাইলটা নিজে থেকেই খুলে যাবে।
“স্যার, শফিকুল হকের ব্যাপারে কিছু খবর পেয়েছি।”
মামা ইশারায় বসতে বলল। রোজারিও সাহেব বসলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়েই ফাইল খুললেন।
“নবাবপুরে ওনার দোকান। গত বছর একটা ব্যাংক থেকে আট লাখ টাকা লোন নিয়েছেন। তিন কিস্তি বাকি। দোকানের অবস্থা ভালো না, পাশের দোকানদাররা বলছে।” একটা পাতা উল্টালেন। “আর ফরাশগঞ্জের মোড়ে একটা চায়ের দোকান সারা রাত খোলা থাকে। দোকানদার বলছে, গত কয়েক সপ্তাহে কয়েকবার রাত দুইটা-আড়াইটার দিকে শফিক সাহেবকে হেঁটে যেতে দেখেছে। বাংলাবাজারের দিকে।”
আমি মামার দিকে তাকালাম। রাত দুইটা-আড়াইটা। কাদের মিয়ার পায়ের শব্দ। বৃহস্পতিবারের ফোন।
“প্রেস বিক্রি হলে ভাগের টাকা উনিও পাবেন, স্যার,” রোজারিও সাহেব বলে চললেন। “উনি নূরুল সাহেবের ফোন এক রাত রেখেছিলেন। লক জানেন। চল্লিশার দিন দেনার কথা নিজের মুখে বলেছেন। আর গত সপ্তাহের মঙ্গলবার সালেহা বেগমের ফোন থেকে কাউকে কল করেছেন। আর ভূতটা নিজেই বলছে, শফিক চাচাকে বিশ্বাস কোরো না।” তিনি ফাইলটা বন্ধ করলেন। “সবকিছু এক জায়গায় এসে মিলছে, স্যার।”
“হুঁ।”
“আমি ওনাকে থানায় ডেকে কথা বলতে চাই। অফিসিয়ালি না হলেও। একটু চাপ দিলে…”
“না।”
রোজারিও সাহেব থেমে গেলেন। “স্যার?”
“এখনো না।”
“কিন্তু স্যার, কাল বৃহস্পতিবার। কাল রাতে আবার ফোন আসবে। আবার টাকা চাইবে। সালেহা বেগমের কাছে আর টাকা নেই, আপনি তো জানেন। Sir, with respect, আমরা যদি আজ কিছু না করি…”
“ভুল মানুষকে ভয় দেখালে,” মামা আস্তে বলল, “ঠিক মানুষটা সাবধান হয়ে যায়।”
রোজারিও সাহেব মামার দিকে তাকিয়ে রইলেন। তারপর আমার দিকে, যেন আমার কাছে কোনো অনুবাদ আছে। আমার কাছে ছিল না।
“আপনি মনে করেন শফিক সাহেব না?”
“আমি মনে করি, আমি এখনো জানি না।”
রোজারিও সাহেব একটা লম্বা নিঃশ্বাস নিলেন। তারপর ধপ করে মাদুরে বসে পড়লেন, এই প্রথম। মেটাডেটা এসে তাঁর ফাইলের ওপর বসে গেল। রোজারিও সাহেব বিড়ালটাকে সরালেন না।
“স্যার, আমার ওসি স্যার বলেন, পুলিশের কাজ হলো সন্দেহ করা। আপনি বলেন, অপেক্ষা করা।” তিনি একটু হাসলেন, ক্লান্ত হাসি। “আমি কোনটা শিখব?”
“দুটোই,” মামা বলল। “কোনটা কখন, সেটা শেখাই আসল।”
বৃহস্পতিবার সন্ধ্যায় আম্মু আর আমি ফরাশগঞ্জে পৌঁছালাম।
রাস্তায় একটা পিকআপ ধোঁয়া ছড়াতে ছড়াতে যাচ্ছিল, পেছনে একদল বাচ্চা দৌড়াচ্ছিল চিৎকার করতে করতে। মশার ওষুধের গাড়ি। সাদা ধোঁয়ায় গলিটা কিছুক্ষণের জন্য মেঘের ভেতর ঢুকে গেল। আম্মু আঁচল দিয়ে আমার নাক-মুখ চেপে ধরল, আর বিড়বিড় করল, “এই ধোঁয়ায় মশা মরে কি না জানি না, মানুষ মরবে।” একটা বাচ্চা ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আমাদের দেখে দাঁত বের করে হাসল, যেন মেঘ থেকে নেমে আসা কোনো দেবদূত।
সালেহা আন্টি দরজা খুলে আম্মুকে দেখে কিছুক্ষণ কিছু বললেন না। তারপর আম্মুর দুই হাত ধরলেন। দুজন মহিলা, যাঁরা আগে কখনো দেখা করেননি, দরজার চৌকাঠে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে রইলেন, অনেকক্ষণ। কেউ কোনো কথা বলল না। আমি আর তানিয়া আপু পেছনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালাম।
মাগরিবের একটু পরে সজীব ভাই এল। হাতে একটা পলিথিনের ব্যাগ, তাতে দুই প্যাকেট মশার কয়েল আর একটা পাওয়ার ব্যাংক।
“খালা, কাল রাতে কারেন্ট গেছিল শুনলাম। আপনার ফোনে যেন চার্জ না যায়, এইটা রাখেন। ফুল চার্জ দিয়া আনছি।” সে পাওয়ার ব্যাংকটা আন্টির হাতে দিল, তারপর আমার আম্মুকে দেখে একটু থমকে সালাম দিল। “আপনি মায়ার আম্মু? আসসালামু আলাইকুম, আন্টি।”
আম্মু সালামের উত্তর দিল। সজীব ভাইকে একবার ভালো করে দেখল, যেভাবে আম্মু আমার বন্ধুদের দেখে, প্রথমবার।
সজীব ভাই বেশিক্ষণ বসল না। এক কাপ চা খেল, তানিয়া আপুকে একবার “বুড়ি বেগম, পড়াশোনা চলে?” বলে খোঁচা দিল, আপু চোখ পাকাল। তারপর উঠতে উঠতে জিজ্ঞেস করল, যেন হঠাৎ মনে পড়েছে, “আজকে মামা আসবেন না? গত সপ্তাহে তো রাতে আসছিলেন।”
“না,” তানিয়া আপু বলল। “মামা আসবে না।”
“ও।” সজীব ভাই মাথা নাড়ল। “ভালো। মানে, আন্টি তো আছেন। খালার একা লাগবে না।” দরজা থেকে আবার ফিরে তাকাল। “কিছু লাগলে ফোন দিও, বুড়ি বেগম। আমি জেগেই থাকি, কাজ থাকে রাতে।”
সজীব ভাই চলে যাওয়ার দশ মিনিট পর আন্টির ফোন বাজল। আমরা সবাই চমকে উঠলাম। তারপর দেখলাম, স্ক্রিনে লেখা, শফিক ভাই।
আন্টি ফোন ধরলেন। ওপাশের গলাটা এত জোরে যে আমরাও শুনতে পাচ্ছিলাম।
“ভাবি, আইজ রাইতে কেউ থাকব তোমার লগে? নাকি একলা?”
আন্টি একবার আম্মুর দিকে তাকালেন। “আছে, শফিক। মেহমান আছে।”
“কে?”
“তুমি চিনবা না।”
ওপাশে একটু চুপ। তারপর, “আচ্ছা। দরজা ভালো কইরা লাগাইয়া রাইখো।” ফোন কেটে গেল।
আন্টি ফোনটা কোলের ওপর রাখলেন। কেউ কিছু বলল না। কিন্তু আমি দেখলাম, তানিয়া আপু ঠোঁট কামড়ে ধরেছে, আর আম্মু আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। শফিক চাচা কেন জানতে চান আজ রাতে কে কে থাকবে?
রাতের খাবারে আন্টি খিচুড়ি রান্না করেছিলেন, সঙ্গে ডিমভাজা আর বেগুনভাজা। আম্মু দুবার খিচুড়ি নিল। আম্মু কখনো দুবার নেয় না। আন্টি সেটা খেয়াল করে একটু হাসলেন, এই প্রথম আমি আন্টিকে সত্যি সত্যি হাসতে দেখলাম।
খাওয়ার পর আম্মু আর আন্টি বসার ঘরে। দুজনের হাতে চা। আম্মু ফিসফিস করে কিছু বলছে, আন্টি মাথা নাড়ছেন। মাঝে মাঝে দুজনই চুপ। সেই চুপ থাকাটাও যেন একটা কথা।
তানিয়া আপু আর আমি দোতলার ঘরে। আপু খাটে আধশোয়া, আমি মেঝেতে কোলবালিশ নিয়ে বসা। জানালা খোলা। গলি থেকে মশার কয়েলের গন্ধ আসছে, আর দূরে কোথাও কেউ পুরোনো দিনের গান শুনছে, রেডিওতে।
“মামা আসবে না?” আপু জিজ্ঞেস করল।
“না। মামা বলেছে, বাটন ফোনটা হাতে নিয়ে জেগে থাকবে।”
“কেন আসবে না? গত সপ্তাহে তো আসছিল।”
আমি একটু ইতস্তত করলাম। দুপুরে মামাকেও ঠিক এই প্রশ্নটা করেছিলাম। মামা অনেকক্ষণ চুপ করে ছিল, তারপর বলেছিল একটা কথা, যেটা তখন আমার কাছে অর্থহীন মনে হয়েছিল।
“মামা বলেছে,” আমি আস্তে বললাম, “আমি থাকলে হয়তো ফোনটাই আসবে না।”
তানিয়া আপু উঠে বসল। “মানে?”
“জানি না।”
কিন্তু বলার পর কথাটা ঘরের ভেতর ঝুলে রইল, আর আমি বুঝতে পারলাম, আমি আসলে জানি। অথবা জানতে শুরু করেছি। মামা এই বাসায় থাকলে ফোন আসবে না। কেন? ভূত কি জানে, এই বাসায় আজ রাতে কে কে আছে?
জানালার বাইরে অন্ধকার গলি। কয়েকটা বাসার জানালায় আলো, বাকিগুলো কালো। কোনো একটা জানালার পেছনে কি কেউ বসে আছে? এই বাসার দিকে তাকিয়ে?
আমি জানালাটা বন্ধ করতে উঠলাম। তারপর থামলাম। গরম। জানালা বন্ধ করলে দম আটকে আসবে। খোলাই থাক।
রাত বারোটায় আম্মু ওপরে এসে আমাদের দেখে গেল। “ঘুমা,” বলল। কিন্তু নিজে ঘুমাতে গেল না। নিচে আন্টির ঘরে গিয়ে বসল। শুনতে পেলাম আন্টির ঘরের দরজাটা খোলা রাখা হলো।
একটা বাজল। তানিয়া আপু ঘুমিয়ে পড়ল, ফোনটা বুকের ওপর রেখে।
দুইটা বাজল। আমি নিচে নামলাম। আন্টির ঘরে আম্মু আর আন্টি পাশাপাশি খাটে বসা, পিঠ দেয়ালে ঠেকানো। আন্টির কোলে ফোনটা, স্ক্রিন নিচের দিকে করে রাখা। আম্মু আমাকে দেখে চোখ দিয়ে ইশারা করল, আয়, বস।
আমি আম্মুর পাশে মেঝেতে বসলাম। আম্মুর হাত আমার মাথায়। আঙুলগুলো আস্তে আস্তে চুলের ভেতর দিয়ে নড়ছিল, যেভাবে ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় নড়ত।
একটু পরে তানিয়া আপুও নেমে এল। চোখ ডলতে ডলতে। কেউ কিছু বলল না। আপু আন্টির অন্য পাশে বসল।
চারজন মানুষ। একটা ঘর। একটা ফোন, উল্টো করে রাখা।
আমি রিয়ার কথা ভাবছিলাম। দুবাইয়ে রিয়ার আব্বু, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা তাঁর গলা। আর আমার আম্মুর কথা, যার হাত এখন আমার মাথায়। মুখোশ গলা বদলায়, মাথা বদলায় না। কিন্তু যে মাথাটা মুখোশের নিচে, সেটা যদি আমাদের অনেক কিছু জানে? কতটা জানে? কোথা থেকে জানে?
ঘড়ির কাঁটা দুইটা ত্রিশ পার হলো।
তারপর দুইটা একত্রিশ।
আন্টির কোলের ওপর ফোনটা কেঁপে উঠল। একবার। দুবার। স্ক্রিনটা নিচের দিকে, কিন্তু চাদরের ফাঁক দিয়ে আলোটা বেরিয়ে এসে দেয়ালে একটা ফ্যাকাশে আয়তক্ষেত্র আঁকল।
আন্টি ফোনটা উল্টালেন। তাঁর হাত কাঁপছিল।
স্ক্রিনে নামটা জ্বলছে।
তানিয়ার আব্বু।