অধ্যায় ৯
শফিক চাচার বৃহস্পতিবার
এই অধ্যায়ে
এখন পড়ছেনঃ — জন
এখন পর্যন্ত পড়েছেনঃ — বার
সকাল ছয়টায় কারেন্ট এল। ফ্যানটা প্রথমে আস্তে, তারপর জোরে ঘুরতে শুরু করল, যেন কিছুই হয়নি। যেন গত রাতে এই ঘরে চারজন মানুষ অন্ধকারে বসে একটা মৃত মানুষের গলা শোনেনি।
আম্মু আর আমি সাতটায় সালেহা আন্টির বাসা থেকে বের হলাম। আন্টি দরজায় দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না আমরা গলির মোড় ঘুরলাম। গলির মাথায় একটা ল্যাম্পপোস্ট, তার মাথায় বাল্ব নেই, শুধু একটা ভাঙা ঢাকনা ঝুলছে।
“এই লাইটটা কবে থেকে নষ্ট?” আম্মু মুদির দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করল। ছেলেটা দোকানের ঝাঁপ তুলছিল।
“তিন মাস, খালাম্মা। কমিশনার অফিসে কইছে সবাই। আসে নাই।”
আম্মু ল্যাম্পপোস্টটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কিছু বলল না। কিন্তু আমি জানি, আম্মুর মাথায় এখন একটা লিস্ট তৈরি হচ্ছে। চৌদ্দ বাড়ি, বাকি আট বাড়ি, আর এখন একটা ল্যাম্পপোস্ট।
কাল রাতে গলিটা এত অন্ধকার ছিল কেন, এখন বুঝলাম। কারেন্ট গেলে তো সব অন্ধকারই হয়। কিন্তু কারেন্ট থাকলেও এই মোড়টা তিন মাস ধরে অন্ধকার। কেউ এই অন্ধকারে হেঁটে গেলে কেউ দেখবে না।
বাসায় ফিরে আম্মু ঘুমিয়ে পড়ল, শাড়ি না বদলেই। আমি ঘুমাতে পারলাম না। ফোনের রেকর্ডিংটা বারবার চালালাম, যদিও জানি এতে নতুন কিছু নেই। বাঁশি। তারপর বাঁশি।
দুপুরে মামার মেসেজ এল। বাটন ফোন থেকে আসা মেসেজগুলো সবসময় ছোট হয়, যেন প্রতিটা অক্ষরের জন্য মামাকে টাকা দিতে হচ্ছে।
“বিকালে আয়। রোজারিও শফিক সাহেবকে আনবে।”
আম্মু তখনো ঘুমাচ্ছে। আমি একটা চিরকুট লিখে টেবিলে রেখে গেলাম। মামার ছাদে। মাগরিবের আগে ফিরব। শর্ত মনে আছে।
ছাদে পৌঁছে দেখি মতিন সাহেব সিঁড়ির মাথায় একটা মোড়া পেতে বসে আছেন, হাতে তসবি, চোখ দরজার দিকে।
“পুলিশ আইতাছে আবার,” আমাকে দেখে ফিসফিস করে বললেন, যেন বিশাল গোপন খবর। “এইবার নাকি আসামি লইয়া। তাহমিদ মিয়া জিন ধরছে, এইবার মানুষও ধরব।”
“মতিন সাহেব, আপনি নিচে যান,” মামা ঘরের ভেতর থেকে বলল।
“আমি এইখানেই থাকি। আমার ছাদ।”
মামা আর কিছু বলল না। মতিন সাহেবের সঙ্গে এই তর্কেও মামা কোনোদিন জিতবে না।
চারটার দিকে সিঁড়িতে দুই জোড়া জুতার শব্দ। একটা হালকা, তাড়াহুড়ার। আরেকটা ভারী, ধীর, প্রতিটা ধাপে যেন একটু থেমে নিঃশ্বাস নিচ্ছে।
দুইটা টোকা।
রোজারিও সাহেব ঢুকলেন। পেছনে শফিক চাচা। গায়ে সেই শার্ট, হাতায় লোহার গুঁড়ার দাগ। মুখ লাল, কপালে ঘাম। ছাদে উঠে প্রথমে চারদিকে তাকালেন, বইয়ের স্তূপ, মাদুর, বিড়াল, আমি, তারপর মামার দিকে।
“এইখানে আনছেন ক্যান?” তিনি রোজারিও সাহেবের দিকে না তাকিয়ে মামাকে জিজ্ঞেস করলেন। “থানায় নিলে থানায় নেন। এই ছাদে বসাইয়া কী করবেন? আমারে চোর বানাইতে আনছেন?”
“বসুন,” মামা বলল।
“আমি বসমু না।”
“চা খাবেন?”
“চা খাই না। ডায়াবেটিস।”
“আমার চায়ে চিনি থাকে না।”
শফিক চাচা এক মুহূর্ত মামার দিকে তাকিয়ে রইলেন, যেন কথাটায় কোনো ফাঁদ আছে কি না খুঁজছেন। তারপর হঠাৎ মোড়ায় বসে পড়লেন। মোড়াটা আর্তনাদ করে উঠল। মামা বাড়তি কাপে চা ঢেলে এগিয়ে দিল। শফিক চাচা কাপটা নিলেন, কিন্তু চুমুক দিলেন না।
রোজারিও সাহেব দাঁড়িয়েই রইলেন, ফাইল বুকে চেপে। আমি মাদুরের এক কোণে, মেটাডেটার পাশে। মতিন সাহেব সিঁড়ির মাথায়, যেন সিনেমা হলের প্রথম সারিতে বসেছেন।
মামা কিছুক্ষণ চুপ করে রইল। মামার সেই চুপ থাকা, যেটার সামনে মানুষ শেষ পর্যন্ত কথা বলে ফেলে।
শফিক চাচা বললেন না। দাঁতে দাঁত চেপে বসে রইলেন। এক মিনিট। দুই মিনিট। আমি নিজেই অস্থির হয়ে যাচ্ছিলাম।
শেষে মামাই কথা বলল।
“মাসের এক তারিখের আগের রাতে আপনি বাংলাবাজারে যান।”
শফিক চাচার কাপটা একটু কেঁপে উঠল।
“রাত দুইটা-আড়াইটার দিকে। ফরাশগঞ্জের মোড়ের চায়ের দোকানদার আপনাকে দেখেছে। প্রেসের সিঁড়ি দিয়ে উঠেন, ক্যাশবাক্সের ওপর একটা খাম রেখে নেমে আসেন। কাদের মিয়া সকালে উঠে খামে পুরো বেতন পান। আর লোহার গন্ধ।”
শফিক চাচা কিছু বললেন না। কিন্তু তাঁর মুখের লাল রংটা বদলে যাচ্ছিল। রাগের লাল থেকে অন্য কিছু।
মামা পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। নিখিল বাবুর চিরকুট। খুলে শফিক চাচার সামনে মাদুরের ওপর রাখল।
হক প্রিন্টার্সের হিসাব। পুরা।
“এটা লিখেছেন আপনি,” মামা বলল। প্রশ্ন না।
শফিক চাচা চিরকুটটার দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ। তারপর চায়ের কাপটা মাদুরে নামিয়ে রাখলেন, আর দুই হাতে মুখ ঢাকলেন।
ছাদটা চুপ হয়ে গেল। মতিন সাহেবের তসবি থেমে গেল। রোজারিও সাহেব ফাইলটা একটু নামালেন। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম।
“ভাইজানের দেনা থাকব,” শফিক চাচা বললেন, হাতের ফাঁক দিয়ে, গলাটা ভাঙা, “আর আমি বাঁইচা থাকমু?”
তিনি হাত সরালেন। চোখ দুটো লাল। “আঠারো হাজার পাঁচশো। নিখিলদার কাছে। ভাইজান অসুস্থ ছিল, দিতে পারে নাই। নিখিলদা কোনোদিন চাইত না, আমি জানি। কিন্তু দেনা তো দেনা। ভাইজান সারা জীবন কইত, দেনা মাথায় নিয়া মরলে কবরেও শান্তি নাই। আমি ভাবলাম, অন্তত এইটুকু শান্তি তারে দেই।”
“ভাবিকে বললেন না কেন?”
শফিক চাচা একটা তিক্ত হাসি হাসলেন। “ভাবি নিত না। ভাবির ইজ্জত আছে। আর আমি তো খারাপ ভাই। যে ভাই প্রেস বেচতে চায়। ভাবি ভাবত, আমি টাকা দিয়া প্রেসটা কিনতে চাই।”
“আর কাদের মিয়ার বেতন?”
“কাদের পঁচিশ বছর ধইরা ভাইজানের সাথে। ভাইজান মইরা গেছে বইলা কাদের না খাইয়া থাকব?” শফিক চাচা কাপটা আবার তুললেন, তারপর আবার নামালেন। “প্রেসের তো কামাই নাই। আমি না দিলে কে দিব?”
“রাতে যান কেন? দিনে দিলেই হয়।”
এবার শফিক চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন। আকাশের দিকে তাকালেন। বিকেলের মেঘ জমছে আবার।
“ঘুম আসে না,” শেষে বললেন। আস্তে, প্রায় ফিসফিস করে। “ভাইজান যাওয়ার পর থেকে। রাত দুইটায় ঘুম ভাঙে, আর আসে না। তখন হাঁটি। বাংলাবাজার যাই। প্রেসের অন্ধকারে মেশিনটার পাশে বইসা থাকি কিছুক্ষণ। ভাইজান আর আমি ছোটবেলায় ওই মেশিনের নিচে লুকাইতাম, কাদেরের মার খাওয়ার ভয়ে।” তিনি একটু হাসলেন। “কাদের তখন জোয়ান। এখন বুড়া। কিন্তু মারের ভয়টা এখনো আছে।”
“আন্টির গলির মোড়ে লাইটটা তিন মাস ধরে নষ্ট,” আমি বলে ফেললাম। কেন বললাম জানি না। হয়তো কাল রাতের অন্ধকারটা তখনো আমার চোখে লেগে ছিল।
শফিক চাচা আমার দিকে তাকালেন। “জানি। আমি তো ওই অন্ধকার দিয়াই হাঁটি।” তারপর একটু থেমে, যেন নিজেকেই বললেন, “বাল্ব আমার দোকানেই আছে। হোল্ডারও আছে। কমিশনারের লাইগা বইসা থাকলে কবরেও আন্ধার।” তিনি মাথা নাড়লেন। “আইজ রাইতেই লাগাইয়া দিমু।”
আম্মু থাকলে খুশি হতো। আম্মুর লিস্ট থেকে একটা আইটেম কমল।
আমি ভেবেছিলাম, এই মুহূর্তে আমার মনে হবে আমি একটা ধাঁধার উত্তর পেয়েছি। কিন্তু আমার মনে হলো অন্য কিছু। মনে হলো, একটা মানুষ, যাকে আমি ভূত ভেবেছিলাম, সে আসলে একটা ভূতের সঙ্গে বসে থাকে। প্রতি রাতে। অন্ধকারে। একা।
Okay, আমি মনে মনে বললাম। Plot twist.
“কাদের মিয়া জানেন?” মামা জিজ্ঞেস করল।
শফিক চাচা মাথা নাড়লেন। “জানে। বুইড়া কানে কম শোনে না, ভান করে। প্রথম মাসেই আমারে ধইরা ফেলছিল। আমারে কয়, শফিক, কাউরে কমু না। সবাইরে কমু মালিকের রুহ বেতন দেয়। তোর মান থাকব, আমার ইজ্জত থাকব।”
আমার মনে পড়ল, কাদের মিয়ার মাথা ঝট করে ঘুরে যাওয়া। লোহার গন্ধ। শফিক চাচা। আমার ফিসফিস শুনে তিনি চমকে উঠেছিলেন, কারণ আমি শফিক চাচার নাম নিয়েছিলাম। তাঁর গোপন কথাটা ধরে ফেলেছিলাম।
“গত সপ্তাহের মঙ্গলবার ভাবির ফোন থেকে কাকে ফোন করেছিলেন?” রোজারিও সাহেব এই প্রথম মুখ খুললেন।
শফিক চাচা রোজারিও সাহেবের দিকে ঘুরলেন, যেন এতক্ষণ খেয়ালই করেননি তিনি এখানে আছেন। “কাদেররে। খামটা পাইছে কি না জানতে। কাদের আমার নম্বর ধরে না। রাগ। কয়, যে প্রেস বেচতে চায়, তার ফোন ধরমু না। কিন্তু ভাবির নম্বর দেখলে ধরে।” তিনি মাথা নাড়লেন। “বুড়া বেতনটা নেয় আমার কাছ থেকে, কিন্তু ফোন ধরে না। এইটাই কাদের।”
রোজারিও সাহেব কিছু লিখলেন, তারপর কলমটা থামিয়ে দিলেন। তাঁর মুখে একটা অস্বস্তি। দুই দিন আগেও তিনি এই মানুষটাকেই থানায় নিয়ে চাপ দিতে চেয়েছিলেন।
“শফিক সাহেব,” রোজারিও সাহেব একটু গলা পরিষ্কার করে বললেন, “আমি দুঃখিত। কয়েক দিন ধরে আমি ভেবেছিলাম…”
“পুলিশের কাজ সন্দেহ করা,” শফিক চাচা হাত নেড়ে থামিয়ে দিলেন। “করছেন। ভালো করছেন। ভুল মানুষরে করছেন, এই যা।”
রোজারিও সাহেব মামার দিকে তাকালেন। মামার মুখে কিছু নেই। কিন্তু আমি জানি, রোজারিও সাহেব এখন বুধবারের কথাটা মনে করছেন। ভুল মানুষকে ভয় দেখালে ঠিক মানুষটা সাবধান হয়ে যায়।
“আর প্রেস বিক্রির কথা?” মামা জিজ্ঞেস করল। “এখনো চান?”
“চাই।” শফিক চাচা সোজা হয়ে বসলেন। গলায় আবার আগের জোর ফিরে এল। “প্রেসটা লস দিতেছে। প্রতি মাসে। আমার দোকানেও লোন। আমি কতদিন কাদেরের বেতন টানমু? ছয় মাস? এক বছর? তারপর? ভাবি তখন প্রেসের দেনায় ডুবব, আমি কিছু করতে পারমু না।” তিনি থামলেন। “ভাইজানের প্রেস, ভাইজানের সাথেই গেছে। ভাবিরে বাঁচাইতে হইব। তানিয়ারে পড়াইতে হইব।”
ছাদে কেউ কিছু বলল না। দূরে একটা লঞ্চের ভোঁ বাজল।
শফিক চাচা এতক্ষণে চায়ে চুমুক দিলেন। মুখটা কুঁচকে গেল। “চিনি ছাড়া চা মানুষ খায়?”
“খায়,” মামা বলল।
“আপনে মানুষ না।” শফিক চাচা আরেক চুমুক দিলেন। তারপর আরেক। কাপটা নামালেন না।
মামা চায়ে চুমুক দিল। তারপর এমনভাবে প্রশ্নটা করল, যেন আবহাওয়ার কথা জিজ্ঞেস করছে।
“আপনাকেও ফোন করেছে, তাই না?”
শফিক চাচা জমে গেলেন।
পুরোপুরি জমে গেলেন। হাত, মুখ, চোখ, সব। শুধু গলার কাছে একটা শিরা দপদপ করছিল।
“কে কইছে?”
“কেউ বলেনি।” মামা কাপটা নামিয়ে রাখল। “কাল সন্ধ্যায় আপনি ভাবিকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন, কেউ থাকবে কি না। দরজা ভালো করে লাগাতে বলেছিলেন। যে মানুষ জানে না রাতে কী হয়, সে এভাবে জিজ্ঞেস করে না। আপনি জানতেন। কারণ আপনিও শুনেছেন।”
শফিক চাচা অনেকক্ষণ কিছু বললেন না। তারপর, খুব ধীরে, পকেট থেকে নিজের ফোন বের করলেন। একটা পুরোনো স্মার্টফোন, স্ক্রিনের এক কোণে ফাটল। কল লিস্ট খুললেন। মামার দিকে এগিয়ে দিলেন।
আমি উঁকি দিলাম।
ভাইজান। রাত ৩টা ১২। ৪১ সেকেন্ড। গত সপ্তাহের বৃহস্পতিবারের তারিখ। যে রাতে আন্টির ফোনে গলাটা প্রথম উত্তর দিয়েছিল, সেই রাতেই, তার কিছুক্ষণ পরে।
ভাইজান। শফিক চাচার ফোনে নূরুল আঙ্কেলের নম্বর এই নামে সেভ করা। আন্টির ফোনে তানিয়ার আব্বু, শফিক চাচার ফোনে ভাইজান। একই খাম, আলাদা ঠিকানা। আমার মনে পড়ল বারান্দায় দাঁড়িয়ে মামার কথাটা। পিয়ন খাম খুলে দেখে না।
“আমার কাছে টাকা চাইছে,” শফিক চাচা বললেন। গলাটা এখন একেবারে অচেনা। ভাঙা, ছোট, একজন বুড়ো মানুষের গলা না, একটা ছেলের গলা। “ভাইজানের গলায়। কইল, শফিক, প্রেসের একটা দেনা আছে, ভাবিরে কইস না, ও সহ্য করতে পারব না। তুই দিয়া দে। ত্রিশ হাজার।”
“দিয়েছিলেন?” রোজারিও সাহেব জিজ্ঞেস করলেন। আস্তে।
“দিছি। দোকানের ক্যাশ থেইকা। পরদিন সকালে।”
সিঁড়ির মাথা থেকে মতিন সাহেবের গলা ভেসে এল, উত্তেজিত ফিসফিসানি, যেটা আসলে পুরো ছাদ শুনতে পায়। “আমি কইছিলাম না? জিন! মরা মানুষের নম্বর দিয়া জিন ছাড়া কে ফোন দেয়?”
“মতিন ভাই, চুপ করেন,” শফিক চাচা ঘাড় না ঘুরিয়েই বললেন।
মতিন সাহেব চুপ করলেন। কিন্তু তাঁর তসবিটা আগের চেয়ে দ্রুত ঘুরতে লাগল।
শফিক চাচা মাথা নিচু করলেন। “কাউরে কই নাই। লজ্জায়। কারে কমু? কমু যে মরা ভাই ফোন দিছে, আর আমি টাকা পাঠাইছি? মানুষ পাগল কইব। ভাবি শুনলে ভাবব আমি নিজেই এইসব বানাইতেছি, প্রেস নেওয়ার জন্য।”
আমি শফিক চাচার দিকে তাকিয়ে রইলাম। লোহার গুঁড়ায় কালো হয়ে থাকা দুটো হাত, কোলের ওপর জড়ো করা। এই মানুষটাকে আমি সন্দেহ করেছিলাম। শুধু আমি না, আমরা সবাই। আর ভূতটা নিজে সবাইকে বলেছিল, শফিক চাচারে বিশ্বাস কোরো না। আর এই মানুষটাও সেই একই ভূতের কাছে ঠকেছেন। একই রাতে, একই গলায়, একই লজ্জায়।
যে লোক দুই হাতে দেয়, তাকে দিয়ে ভূতটা নিজের নেওয়ার হাতটা লুকিয়েছে।
“ওরা আপনাকে চেনে,” মামা আস্তে বলল। “শুধু নাম না, নম্বর না। আপনি কোথায় দুর্বল, সেটা চেনে। ভাইয়ের প্রতি টান। আর লজ্জা।”
“লজ্জা?”
“লজ্জাটাই ওদের সবচেয়ে বড় সুবিধা। আপনি কাউকে বলেননি। ভাবি কাউকে বলেননি প্রথম দুই সপ্তাহ। কেরানীগঞ্জের ছেলেটা কাউকে বলেনি, শুধু মিলাদ পড়িয়েছে। প্রত্যেকে একা একা ঠকেছে, একা একা চুপ থেকেছে।” মামা চায়ের কাপটা ঘোরাল। “এমন ফোন এলে সবার আগে একজন মানুষকে বলতে হয়। যে কোনো একজন। লজ্জা যত বেশি, চোরের পথ তত সহজ।”
আমি ভাবছিলাম, আমরা কত কথা বলি। চল্লিশায়, বিয়েবাড়িতে, ফ্যামিলি গ্রুপে, চায়ের দোকানে। কে কাকে কী বলল, কে কোথায় দুর্বল, কে কাকে ভয় পায়। আমরা ভাবি, ঘরের কথা ঘরেই থাকে। কিন্তু ঘরের দেয়ালগুলো আসলে কত পাতলা, সেটা কেউ মাপে না।
“ফোনে যে দেনার কথা বলল, সেটা কে কে জানত?” মামা জিজ্ঞেস করল।
শফিক চাচা ভাবলেন। “চল্লিশার দিন কইছিলাম। দেনা মাথায় নিয়া মরলে… সবাই শুনছে।”
“শুধু সেটা? ফোনে আর কী বলেছিল?”
শফিক চাচা মুখ তুললেন। এই প্রথম তাঁর চোখে আমি ভয় দেখলাম। আসল ভয়।
“ও আরেকটা কথা কইছিল,” তিনি বললেন। “শেষে। টাকার কথা শেষ হওয়ার পর। কইল, শফিক, সাইকেলটার কথা আমি কবেই মাফ কইরা দিছি।”
“সাইকেল?” আমি না জিজ্ঞেস করে পারলাম না।
শফিক চাচা আমার দিকে তাকালেন, কিন্তু মনে হলো আমাকে দেখছেন না। দেখছেন অনেক পেছনে, অনেক বছর আগের কোনো একটা দুপুর।
“আমার বয়স তখন বারো। ভাইজানের পনেরো। আব্বা ভাইজানরে একটা সাইকেল কিন্যা দিছিল, রেজাল্ট ভালো হইছিল বইলা। লাল সাইকেল। আমি হিংসায় মইরা যাইতাম।” তিনি একটু থামলেন। “একদিন ভাইজান স্কুলে, আমি সাইকেলটা নিয়া গিয়া চকবাজারে এক দোকানে বেইচা দিলাম। সত্তর টাকায়। সেই টাকা দিয়া ঘুড়ি কিনছি, লাটাই কিনছি, বন্ধুগো খাওয়াইছি। ভাইজানরে কইছিলাম, চোরে নিয়া গেছে।”
ছাদে কেউ কিছু বলল না।
“ভাইজান কোনোদিন জানে নাই। আমি কোনোদিন কই নাই। চল্লিশ বছর।” শফিক চাচার গলা কেঁপে উঠল। “চল্লিশার দিন, সবাই যখন ভাইজানের কথা কইতেছিল, আমি আর পারলাম না। কাঁইদা ফালাইছি। কইয়া ফালাইছি। ভাইজান, তোর সাইকেলটা আমি বেচছিলাম। মাফ কইরা দিস।”
তিনি মামার দিকে তাকালেন। চোখ দুটো ভেজা, কিন্তু স্থির।
“এই কথা আমি জীবনে একবারই মুখে আনছি। চল্লিশার দিন। ঘরের মানুষের সামনে।”