আভ্যিয়ানআভ্যিয়ান

ওপারের ফোন

অধ্যায় ১

ওপারের ফোন

এই অধ্যায়ে

এখন পড়ছেনঃ — জন

এখন পর্যন্ত পড়েছেনঃ — বার

অক্ষরের মাপ ৩

অঙ্ক মডেল টেস্টে আমি পেয়েছি একত্রিশ।

খাতাটা ব্যাগের একেবারে নিচে, দুটো গাইড বইয়ের মাঝখানে চাপা দিয়ে রেখেছি। মনে হচ্ছিল, যত নিচে রাখব, নম্বরটা তত ছোট হয়ে যাবে। বাসায় গেলেই আম্মু খাতা দেখতে চাইবে। তাই কোচিং থেকে বের হয়ে বাসায় না গিয়ে সোজা লক্ষ্মীবাজারের বাসে উঠে পড়েছি। গন্তব্য - মামার ছাদ।

মামা মাদুরে বসে একটা মোটা বই পড়ছিল। পাশে লাল চায়ের ফ্লাস্ক আর দুটো কাপ। একটা কাপ সব সময় বাড়তি থাকে। মামা বলে, কেউ না কেউ আসবেই। আজ সেই কেউ আমি।

“একত্রিশ,” আমি বললাম। কেউ জিজ্ঞেস করেনি, তবু বললাম।

মামা পাতা উল্টাল। “কততে?”

“একশোতে।”

“পাস নম্বর কত?”

“তেত্রিশ।”

মামা বইটা বন্ধ করল। আঙুলে কী যেন গুনল। তারপর খুব গম্ভীর মুখে বলল, “দুই নম্বরের জন্য মোহাম্মদপুর থেকে এতদূর বাসে এসেছিস?”

হাসব না কাঁদব, ঠিক করতে পারলাম না। শেষে কাপে চা ঢাললাম।

বৃষ্টি থেমেছে আধঘণ্টা আগে। ছাদের কোণে জমা পানিতে আকাশ ভাসছে, ধূসর আর ভেজা। পাশের বাড়ির রেলিংয়ে কেউ কাপড় শুকাতে দিয়েছিল, সেগুলো আবার ভিজে চুপচুপে। মামার ঘরের দরজার পাশে বইয়ের স্তূপের ওপর গুটিসুটি মেরে ঘুমাচ্ছে মেটাডেটা।

মেটাডেটা একটা বিড়াল। ছাই রঙের, এক কান একটু ছেঁড়া। নামটা আমার দেওয়া। মামা নামটা কখনো মুখে আনে না, ডাকে শুধু “বিড়াল”। একবার জিজ্ঞেস করেছিলাম, কেন। মামা বলেছিল, “ও তো নিজে এই নাম চায়নি।” এরপর থেকে আমি তর্ক ছেড়ে দিয়েছি। বিড়ালটাও মনে হয় ছেড়ে দিয়েছে। ও কারও ডাকেই সাড়া দেয় না।

সিঁড়িতে জুতার ফটফট শব্দ হলো। তার আগে একটা গলা।

“তাহমিদ মিয়া! আছেন নাকি?”

মতিন সাহেব। এই বাড়ির মালিক। তিনি কখনো দরজায় টোকা দেন না। তাঁর মতে নিজের বাড়ির দরজায় টোকা দেওয়া বোকামি। তিনি সিঁড়ি থেকেই নিজের আসার খবর দেন, আর পুরো গলি সেই খবর পায়।

মামা উঠল না। শুধু বলল, “আছি।”

মতিন সাহেব হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে এলেন। সাদা পাঞ্জাবি, হাতে তসবি। তাঁর পেছনে একজন মহিলা। বয়স পঞ্চাশের মতো। সাদা শাড়ি, মাথায় আঁচল টানা। হাতে প্লাস্টিকের কভারে মোড়া একটা মোবাইল ফোন। ফোনটা তিনি এমনভাবে ধরে আছেন, যেন ওটা খুব গরম, অথচ ছেড়ে দিলেও বিপদ।

“বসেন, বসেন,” মতিন সাহেব নিজেই মোড়াটা এগিয়ে দিলেন, যেন ছাদটা তাঁর। অবশ্য ছাদটা তাঁরই।

তারপর মামার দিকে ঝুঁকে গলা নামালেন। “উনি সালেহা ভাবি। ফরাশগঞ্জের নূরুল ভাইয়ের ওয়াইফ। নূরুল ভাইরে চিনতেন না? বাংলাবাজারে প্রেস আছিল। ত্রিশ বছর এক কাতারে নামাজ পড়ছি, মিয়া। তিন মাস আগে চইলা গেলেন। হার্টের ব্যামো।”

মামা মাথা নিচু করল। “ইন্না লিল্লাহ।”

“এখন ঘটনা হইল,” মতিন সাহেব আরও কাছে সরে এলেন, “ঘটনা আপনার লাইনের।”

“আমার লাইন কোনটা, মতিন সাহেব?”

মতিন সাহেব চারদিকে তাকালেন, যদিও ছাদে আমি, মামা আর একটা ঘুমন্ত বিড়াল ছাড়া কেউ নেই। তারপর ফিসফিস করে বললেন, “ওপারের।”

আমি চায়ে চুমুক দিতে গিয়ে থেমে গেলাম।

সালেহা আন্টি অনেকক্ষণ কিছু বললেন না। ফোনটা কোলের ওপর রেখে দুই হাতে চেপে ধরে রইলেন। মামাও কিছু বলল না। মামা এটা পারে। এত লম্বা সময় চুপ করে বসে থাকতে পারে যে অন্যজন শেষ পর্যন্ত কথা না বলে পারে না।

শেষে আন্টি বললেন, “আপনারা ভাববেন আমার মাথা খারাপ হয়ে গেছে।”

“আগে শুনি,” মামা বলল। “ভাবনা পরে।”

আন্টি একবার আমার দিকে তাকালেন। বুঝলাম, আমার সামনে বলবেন কি না, ভাবছেন। আমি যতটা পারি বড় মানুষের মতো মুখ করে বসে থাকলাম। একত্রিশ পাওয়া মানুষের পক্ষে কাজটা সহজ না।

“তিন সপ্তাহ আগে,” আন্টি বললেন, “বৃহস্পতিবার রাতে। পৌনে তিনটার দিকে আমার ফোন বাজল।”

“কে ফোন করেছিল?” আমি জিজ্ঞেস করে ফেললাম।

আন্টি ফোনটা একটু উঁচু করলেন, যেন ফোনটাই উত্তর দেবে। “স্ক্রিনে লেখা ছিল, তানিয়ার আব্বু।”

ছাদটা হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। নিচের গলিতে একটা রিকশার ঘণ্টি বাজল। শব্দটা শোনাল অনেক দূরের।

“আমি ভাবলাম স্বপ্ন দেখছি,” আন্টি বললেন। “উনি চলে যাওয়ার পর প্রায় রাতেই দেখি। তাই ধরলাম। ভাবলাম, স্বপ্নই তো। ধরলে কী।”

“তারপর?” মামা জিজ্ঞেস করল।

“তারপর প্রথমে একটা কাশি। শুকনা কাশি। শেষ দুই মাস ওর এই কাশিটা হতো, কথা বলার আগে একবার করে। ডাক্তার বলেছিল ঠান্ডা লেগেছে। আমরা তখন বুঝি নাই…” আন্টি থামলেন। আঁচলের কোনা দিয়ে নাক মুছলেন। “কাশির পর বলল, মুনিয়া।”

“মুনিয়া কে?” আমি জিজ্ঞেস করলাম।

“আমি।”

আন্টি একটু হাসলেন। এত ছোট হাসি যে ভালো করে না তাকালে ধরা যায় না।

“বিয়ের পর প্রথম বছর ও আমাকে একটা খাঁচায় দুটো মুনিয়া পাখি কিনে দিয়েছিল। চকবাজার থেকে। এক মাসের মাথায় একটা পাখি মরে গেল। আমি তিন দিন ভাত খাই নাই। সেই থেকে ও আমাকে মুনিয়া ডাকে। শুধু ও। আর শুধু তখন, যখন আমরা দুইজন। ছেলেমেয়েরাও কোনোদিন এই নামে ডাকতে শোনে নাই।”

মতিন সাহেব তসবি থামিয়ে মামার দিকে তাকালেন। তাঁর চোখে পরিষ্কার লেখা, দেখলেন তো?

“আর কী বললেন উনি?” মামা জিজ্ঞেস করল।

“বলল, ওর শান্তি নাই। কবরে শান্তি পাচ্ছে না। একটা দেনা রয়ে গেছে। কার কাছে দেনা, সেটা বলতে পারবে না, ওখানকার নিয়ম নাকি এমন। শুধু বলল, একটা নম্বর দিচ্ছি, ওখানে টাকা পাঠিয়ে দাও। দেনা শোধ হলে আমি ছুটি পাব।” আন্টি একটু থামলেন। “নম্বরটা দুইবার বলল, ধীরে ধীরে। আমি ক্যালেন্ডারের পেছনে লিখে রাখলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায়, কেমন আছ। উত্তর দিল না। ওই কথাগুলোই আবার বলল। তারপর কেটে গেল। এক মিনিটও না।”

মতিন সাহেব আর চুপ থাকতে পারলেন না।

“পাড়ার মহিলারা কয়, বিষ্যুদবার রাতে রুহ বাড়িতে আসে। আমি কইলাম, রুহ আসে, ঠিক আছে। কিন্তু রুহ মোবাইল চালায়, এইটা আমি জিন্দেগিতে শুনি নাই। এইটা জিনের কারবার, তাহমিদ মিয়া। কোনো দুষ্ট জিন নূরুল ভাইয়ের গলা নিয়া ঘুরতাছে। আপনে ছাড়া এইটা কে ধরব?”

মামা চায়ে চুমুক দিল। “আমি জিন ধরি না, মতিন সাহেব।”

“ধরেন না, জানি। চিনেন তো।”

মামা এর উত্তর দিল না। মতিন সাহেবের সঙ্গে এই তর্কে মামা কোনোদিন জেতেনি। পাড়ার লোকের ধারণা, ছাদের ঘরের এই চুপচাপ লোকটার কাছে জিনেরা খবর দিয়ে যায়। কথাটা মতিন সাহেব নিজেই ছড়ান, তারপর অন্যের মুখে শুনে নিজেই অবাক হন।

আমার মাথার ভেতর অবশ্য অন্য একটা জিনিস নড়ে উঠল।

“আন্টি, তানিয়া আপু কি ফেসবুকে কিছু লিখেছিল? আব্বু ফোন করেছে, এরকম কিছু?”

আন্টি চমকে আমার দিকে তাকালেন। “তুমি দেখেছ?”

দেখেছি। গত সপ্তাহে, রাত একটায়। পড়ার টেবিলে বসে ফোন চালাচ্ছিলাম, যেটাকে আম্মু বলে “পড়ার ভান”। একটা পোস্ট ঘুরতে ঘুরতে আমার সামনে চলে এসেছিল। এক আপু লিখেছেন, তাঁর আব্বু তিন মাস আগে মারা গেছেন, আর তিনি আবার তাঁর আম্মুকে ফোন করেছেন। নিচে কয়েক হাজার শেয়ার। কেউ লিখেছে দোয়া করেন, কেউ লিখেছে মিলাদ পড়ান, কেউ ভূতের ইমোজি দিয়েছে। কেউ লিখেছে এসব লাইক পাওয়ার ধান্দা। আমি স্ক্রল করে চলে গিয়েছিলাম। ঘুমানোর আগে আরেকবার খুঁজেছিলাম। আর পাইনি।

“ও লিখে ফেলেছিল,” আন্টি বললেন। “আমি বকেছি। পরে মুছে দিয়েছে। কিন্তু ততক্ষণে পুরো মহল্লা জেনে গেছে। এখন রাস্তায় বের হলে লোকে এমনভাবে তাকায়…”

কথাটা তিনি শেষ করলেন না।

আমার মনে পড়ল, পোস্টের নিচে একটা কমেন্ট পড়ে আমি হেসেছিলাম। কী লেখা ছিল মনে নেই, শুধু মনে আছে হেসেছিলাম। এখন সেই মানুষটার মা আমার সামনে মোড়ায় বসে আছেন। আমি চায়ের কাপের দিকে তাকিয়ে রইলাম।

“আপনি ফোন ব্যাক করেননি?” অনেকক্ষণ পর জিজ্ঞেস করলাম। “মানে আঙ্কেলের নম্বরে?”

“করেছি। সাথে সাথে। বলল, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।”

“বন্ধ তো থাকবেই,” আন্টি নিচু গলায় যোগ করলেন। “ওর ফোন আলমারিতে। যেদিন ও হাসপাতালে গেল, সেদিন থেকে বন্ধ। চার্জ নাই। আমি ওটা ধরি না।”

মামা এই প্রথম একটু নড়েচড়ে বসল। “আলমারিতে তালা থাকে?”

আন্টি আঁচলের কোনাটা তুলে দেখালেন। সেখানে গিঁট দিয়ে বাঁধা একটা ছোট পিতলের চাবি। “চাবি আমার কাছে থাকে। ঘুমালেও।”

“ফোন আসার পর আলমারি খুলেছিলেন?”

“খুলেছি। পরদিন সকালে। ফোনটা ওখানেই ছিল। যেভাবে রেখেছিলাম, ঠিক সেভাবে। স্ক্রিন কালো।”

“আপনার ফোনের কল লিস্টটা একটু দেখতে পারি?”

আন্টি একটু দ্বিধা করে ফোনটা এগিয়ে দিলেন। মামা ফোনটা হাতে নিল খুব সাবধানে, যেভাবে মানুষ কারও চিঠি হাতে নেয়।

আমি মামার কাঁধের ওপর দিয়ে উঁকি দিলাম।

কল লিস্টে নামগুলো একটার নিচে একটা সাজানো। তানিয়া। ফাহিম মালয়েশিয়া। সজীব। শফিক ভাই। কয়েকটা নম্বর, যেগুলোর কোনো নাম নেই। তার ফাঁকে ফাঁকে দুটো লাইন, অন্যগুলোর মতোই সাধারণ চেহারার।

তানিয়ার আব্বু। রাত ২টা ৪১। ৪৮ সেকেন্ড।

তানিয়ার আব্বু। রাত ২টা ৩৫। ৫৫ সেকেন্ড।

মামা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে, খুব ধীরে, হাতের চায়ের কাপটা রেলিংয়ের পাশে নামিয়ে রাখল।

কাপটা ওখানেই পড়ে রইল। চা থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেল। মামা আর ফিরেও তাকাল না।

আমি মামাকে চিনি। মামা যখন চা খেতে ভুলে যায়, তখন বুঝতে হয়, মাথার ভেতর কিছু একটা ঢুকে গেছে। সহজে বের হবে না।

“টাকা পাঠিয়েছেন?” মামা জিজ্ঞেস করল।

আন্টি চুপ করে রইলেন। ছাদের কোণে একটা কাক এসে বসল, আবার উড়ে গেল।

“দ্বিতীয়বার যখন ফোন দিল,” শেষে আন্টি বললেন। “বলল, তুমি দেরি করছ, মুনিয়া। আমার কষ্ট হচ্ছে। আমি আর পারলাম না। পরদিন সকালে তানিয়াকে নিয়ে মোড়ের দোকানে গেলাম।”

“কত?”

“চল্লিশ হাজার।”

মতিন সাহেবের হাত থেকে তসবিটা মাদুরে পড়ে গেল। “আস্তাগফিরুল্লাহ!”

“ফাহিম প্রতি মাসে পাঠায়,” আন্টি বললেন। গলাটা এবার একটু কাঁপল। “আমি জমাচ্ছিলাম। তানিয়ার জন্য। পরে মনে হলো, এ আমি কী করলাম। থানায় গেলাম। সূত্রাপুর থানায়। একটা জিডি করে দিল। বড় স্যার কাগজটা দেখে হাসলেন। বললেন, খালাম্মা, মরা মানুষ ফোন দিলে পুলিশ কী করবে, আপনি হুজুরের কাছে যান।”

কেউ কিছু বলল না। মেটাডেটা ঘুমের মধ্যে একবার লেজ নাড়ল।

“আপনার নম্বরটা দেবেন?” আন্টি মামাকে জিজ্ঞেস করলেন। “রাতে যদি আবার…”

মামা পাঞ্জাবির পকেট থেকে তার ফোনটা বের করল।

আমি মাটির দিকে তাকালাম।

মামার ফোনটা কালো, ছোট, রাবারের বোতামওয়ালা। স্ক্রিনটা একটা দেশলাইয়ের বাক্সের সমান। এতে ছবি তোলা যায় না, ফেসবুক চলে না, শুধু কথা বলা যায় আর মেসেজ পাঠানো যায়। যে মানুষ এক সময় সরকারি ল্যাবে বসে অন্য মানুষের ফোন পরীক্ষা করত, সে নিজে চালায় এই জিনিস। আমার বন্ধুরা দেখলে আমার মান-সম্মান বলে আর কিছু থাকবে না।

আন্টি অবশ্য অবাক হয়ে ফোনটার দিকে তাকিয়ে রইলেন। “এটা তো আমার আব্বার ফোনের মতো।”

“উনি বড় ফোন রাখেন না,” মতিন সাহেব গর্বের সঙ্গে জানালেন, যেন ব্যাপারটা তাঁর নিজের আবিষ্কার। “বড় ফোনের নাকি কান আছে।”

মামা কিছু বলল না। একটা পুরোনো খবরের কাগজের কোনা ছিঁড়ে তাতে নম্বরটা লিখে দিল।

“কাল বিকালে আমি আপনার বাসায় আসব,” মামা বলল। “আলমারিটা দেখব।”

“আমিও আসব,” আমি বললাম।

মামা আমার দিকে তাকাল। “তোর আম্মা?”

“কাল শনিবার। কোচিং বন্ধ।”

“সেটা জিজ্ঞেস করিনি।”

“আম্মুকে বলব।”

“কী বলবি?”

“সেটা রাতে ভেবে বের করব।”

মামা আর কিছু বলল না। মামা যখন আর কিছু বলে না, তখন তার মানে প্রায় সব সময় হ্যাঁ।

মতিন সাহেব আন্টিকে নিয়ে নামতে শুরু করলেন। সিঁড়ির মুখে গিয়ে আন্টি হঠাৎ থামলেন। ঘুরে দাঁড়ালেন। ভেজা বাতাসে তাঁর আঁচলের চাবিটা একবার দুলে উঠল।

“একটা কথা বলতে ভুলে গেছি,” তিনি বললেন। “দ্বিতীয়বার ফোন রাখার আগে ও বলেছে, আগামী বৃহস্পতিবার আবার ফোন দেবে। বলেছে, এবার যেন দেরি না করি।”

তারপর তিনি নেমে গেলেন। জুতার ফটফট শব্দ মিলিয়ে গেল নিচের গলিতে।

ছাদে আমরা দুজন। আর বিড়াল।

“মামা,” আমি অনেকক্ষণ পর বললাম, “তুমি ভূতে বিশ্বাস করো?”

মামা উত্তর দিল না। আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘ আবার জমছে।

“ফোনটা এসেছিল,” মামা শেষে বলল। “এটুকু বিশ্বাস করি।”

আমি রেলিংয়ের দিকে তাকালাম। মামার কাপটা তখনো ওখানে, চা একেবারে ঠান্ডা, ওপরে একটা পাতলা সর পড়েছে। কাপের পাশে সেই খবরের কাগজটা, যার কোনা ছিঁড়ে মামা নম্বর লিখে দিয়েছিল।

কাগজের বাকি অংশের সাদা মার্জিনে মামার হাতের লেখা একটা শব্দ। কখন লিখেছে, আমি খেয়ালই করিনি।

কাশি।