অধ্যায় ২
খামের ওপরের নাম
এই অধ্যায়ে
এখন পড়ছেনঃ — জন
এখন পর্যন্ত পড়েছেনঃ — বার
আলমারির চাবিটা আন্টির আঁচলের কোনায় এত শক্ত করে বাঁধা যে গিঁট খুলতে পুরো দুই মিনিট লাগল। কেউ সাহায্য করতে এগোল না। মনে হলো, গিঁটটা খোলাও একটা কাজ, যেটা আন্টিকে নিজেকেই করতে হবে।
আমরা দাঁড়িয়ে আছি দোতলার শোবার ঘরে। পুরোনো বাড়ি। দেয়ালের চুন জায়গায় জায়গায় খসে গেছে, ভেতর থেকে লাল ইট উঁকি দিচ্ছে। জানালা দিয়ে বুড়িগঙ্গার দিক থেকে ভেজা বাতাস আসছে, সঙ্গে দূরের লঞ্চের ভোঁ। ঘরের কোণে কাঠের একটা বিশাল আলমারি, দরজায় আয়না বসানো। আয়নায় আমাদের তিনজনকে দেখা যাচ্ছে। আন্টি, মামা আর আমি।
আসার আগে আম্মুকে সত্যি কথাই বলেছিলাম। মামার সঙ্গে এক খালাম্মার বাসায় যাচ্ছি, তাঁর স্বামী মারা গেছেন। আম্মু অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল। তারপর তিনটা শর্ত দিয়েছিল। মাগরিবের আগে ফেরা। মামাকে ছাড়া কোথাও না যাওয়া। আর রাতে অঙ্ক খাতাটা দেখানো।
শেষ শর্তটা শুনে বুঝেছিলাম, আম্মু সব জানে।
গিঁট খুলল। চাবি ঘুরল। আলমারির দরজা খুলতেই কর্পূর আর পুরোনো কাপড়ের গন্ধ বেরিয়ে এল।
ওপরের তাকে ভাঁজ করা পাঞ্জাবি। একটা ধূসর, একটা সাদা, একটা আকাশি। পাশে একটা চশমার বাক্স, একটা হাতঘড়ি, আর একটা মোবাইল ফোন।
ফোনটা পুরোনো ধরনের স্মার্টফোন। কভারের এক কোনা ফাটা। স্ক্রিন কালো। স্ক্রিনের ওপর ধুলোর পাতলা একটা আস্তর, এত পাতলা যে আলো না পড়লে বোঝা যায় না।
মামা ফোনটা ধরল না। ঝুঁকে দেখল। অনেকক্ষণ। তারপর আন্টির দিকে ফিরল। “শেষ কবে ধরেছিলেন?”
“হাসপাতাল থেকে আনার পর এখানে রাখলাম। আর ধরি নাই।”
“ফোন আসার পরদিন যখন আলমারি খুললেন, তখনো না?”
“না। শুধু দেখেছি। ধরতে ভয় লাগছিল।”
মামা পকেট থেকে একটা ছোট টর্চ বের করে ফোনের ওপর আলো ফেলল। আলোয় ধুলোটা স্পষ্ট হলো। কোথাও আঙুলের দাগ নেই, কোথাও ধুলো সরে যায়নি। মনে হলো, তিন মাস ধরে ফোনটা একটা লম্বা ঘুম দিচ্ছে, কেউ তাকে জাগায়নি।
“সিমটা ভেতরে আছে?” মামা জিজ্ঞেস করল।
“আছে। নম্বরটা বন্ধ করি নাই।” আন্টি একটু থামলেন। “ওর নম্বর তো। বন্ধ করলে মনে হয় ওকে আরেকবার…”
কথাটা তিনি শেষ করলেন না। মামা আলমারির দরজা আস্তে বন্ধ করে দিল। আয়নায় আমাদের তিনজনের ছবি আবার ফিরে এল।
নিচতলার বসার ঘরে সোফায় একটা ছেলে বসে আছে, হাতে দুটো ফোন। আমাদের দেখে উঠে দাঁড়াল।
“আসসালামু আলাইকুম। আমি সজীব। খালার বোনের ছেলে।” সে হাসল। হাসিটা খুব সহজ, মুখে সবসময় লেগেই থাকে। “খালার ফোনে আর জায়গা নাই। ছবি আর ভয়েস মেসেজে ভরে গেছে। একটু পরিষ্কার করে দিচ্ছিলাম।”
“সজীবই তো সব করে,” আন্টি বললেন। “তানিয়ার আব্বা চলে যাওয়ার পরপর আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেল। এই নতুনটা ও-ই দোকান থেকে কিনে আনল। পুরান ফোনের সব কিছু এটায় এনে দিল। আমি এসব কিছু বুঝি না।”
“বাসা কাছেই?” মামা জিজ্ঞেস করল।
“দুই গলি পরে,” সজীব ভাই বলল। “জোরে ডাক দিলে শোনা যায়।”
পর্দা সরিয়ে একটা মেয়ে ঢুকল, হাতে চায়ের ট্রে। রোগা, চুল তাড়াহুড়া করে বাঁধা, চোখ দুটো একটু ফোলা। তানিয়া আপু। ফেসবুকের সেই পোস্ট যে লিখেছিল। ছবিতে তাকে আরও বড় মনে হয়েছিল। সামনে দেখে মনে হলো, সে আমার চেয়ে খুব বেশি বড় না।
“বুড়ি বেগম, আমারটায় চিনি কম দিছস তো?” সজীব ভাই বলল।
তানিয়া আপু উত্তর দিল না। কাপটা সজীব ভাইয়ের সামনে প্রায় ঠুকে রাখল। সজীব ভাই আমার দিকে তাকিয়ে চোখ টিপল। “এখনো রাগ করে। দেখছ?”
মামা চায়ের কাপ হাতে নিল। চুমুক দিল। তারপর আন্টিকে জিজ্ঞেস করল, “আপনার ফোনে কি কল রেকর্ড হয়?”
আন্টি অবাক হয়ে তাকালেন। উত্তর দিল সজীব ভাই।
“হয়, মামা। আমি চালু করে দিছিলাম। খালা অনেক সময় কে কী বলল ভুলে যান। তাই ভাবলাম…” সে আন্টির ফোনে আঙুল চালাল কয়েক সেকেন্ড। “এই যে। তানিয়ার আব্বু। একটা আছে।”
“একটা?” মামা বলল।
“প্রথমটা আমি মুছে ফেলেছি,” আন্টি তাড়াতাড়ি বললেন। “তানিয়া দেখাইছিল কোথায় থাকে। আমি শুনতে পারি নাই। মুছে দিছি।” তারপর একটু থেমে, অনেক নিচু গলায় বললেন, “এইটাও আমরা কেউ শুনি নাই। আমার ঘরে এটা কেউ বাজাবা না।”
ঘরটা চুপ হয়ে গেল। সজীব ভাই ফোনটা আস্তে টেবিলে নামিয়ে রাখল, যেন ওটা হঠাৎ ভারী হয়ে গেছে।
“আমি রাতে মায়াকে পাঠিয়ে দেব,” তানিয়া আপু বলল। এই প্রথম সে কথা বলল। গলাটা ভাঙা, কিন্তু শক্ত।
আমি মামার দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম, “দেখলে? এজন্যই স্মার্টফোন লাগে।”
মামা চায়ে চুমুক দিল। “এজন্যই তো তুই আছিস।”
একটু পরে সজীব ভাই উঠল। দোকানে যেতে হবে, একটা ডিজাইনের কাজ জমা দিতে হবে রাতের মধ্যে। দরজার কাছে গিয়ে আমার দিকে ফিরল।
“খালার ফোনে কোনো ঝামেলা হলে আমাকে একটা ফোন দিও। মামার ফোনে তো আবার…” সে মামার পাঞ্জাবির পকেটের দিকে তাকাল, যেখানে বাটন ফোনটার আকার বোঝা যাচ্ছে। তারপর হাসল। আমিও হেসে ফেললাম। মামা হাসল না।
সজীব ভাই নম্বরটা বলল। আমি সেভ করলাম। সজীব ভাই (আন্টির ফোন)।
তানিয়া আপু আমাকে ছাদে নিয়ে গেল। বড়দের কথার মাঝখানে আমরা দুজন বাড়তি, এটা আমরা দুজনই বুঝেছিলাম।
ছাদে টবের সারি। বেলি, তুলসী, একটা ঝিমিয়ে পড়া গোলাপ। রেলিংয়ে হেলান দিয়ে তানিয়া আপু ফোন খুলল।
“আব্বুর ভিডিও দেখবা?”
আমি মাথা নাড়লাম।
প্রথম ভিডিওতে নূরুল আঙ্কেল একটা বিয়েবাড়িতে গান গাইছেন। চোখ বন্ধ, এক হাত বাতাসে। পেছনে কেউ হাততালি দিচ্ছে, কেউ হাসছে। দ্বিতীয়টায় তিনি রান্নাঘরে চা বানাচ্ছেন আর চিনির দাম নিয়ে এমনভাবে রাগ করছেন, যেন চিনি তাঁর ব্যক্তিগত শত্রু। তৃতীয়টায় খবরের কাগজ পড়ছেন জোরে জোরে, ভুল উচ্চারণ করে, ইচ্ছা করে।
আমি হাসলাম। হাসতে চাইনি, তবু হাসলাম। তানিয়া আপুও হাসল। তারপর হঠাৎ হাসিটা থেমে গেল।
“এগুলা সব গত বছরের,” আপু বলল। “শেষ কয়েক মাস আব্বু ক্যামেরা দেখলেই রাগ করত। বলত, শরীরটা ভালো না, ছবি তুলিস না।”
“এগুলা সবাই দেখতে পায়?”
“পাবলিক। হাজার হাজার মানুষ দেখছে। আব্বু বিখ্যাত হয়ে গেছিল, জানো? পাড়ার লোক রাস্তায় থামিয়ে বলত, আঙ্কেল, চিনির গানটা আরেকবার।” আপু ফোনটা বুকের কাছে চেপে ধরল। “আমি ওই পোস্টটা না দিলে মহল্লার কেউ জানত না। আম্মা এখন রাস্তায় বের হয় না।”
কী বলা উচিত, বুঝলাম না। বললাম, “তুমি তো ভয় পেয়ে লিখেছিলে।”
আপু আমার দিকে তাকাল। কিছু বলল না। একটু পরে মাথা নাড়ল, যেন কথাটা সে মেনে নিল, কিন্তু পুরোপুরি বিশ্বাস করল না।
“ফাহিম ভাইয়া জানে?” আমি জিজ্ঞেস করলাম।
“ফোনের কথা জানে। আম্মাই বলছে। কিন্তু টাকার কথা জানে না। আম্মা মানা করছে। ভাইয়া ওখানে এমনিতেই টেনশনে থাকে, রাত পর্যন্ত ওভারটাইম করে। এইটা শুনলে পাগল হয়ে যাবে।” আপু আকাশের দিকে তাকাল। “আমি কাউকে বলি নাই। তোমাকেও বলতাম না। তুমি তো এমনিই জেনে গেছ।”
নিচ থেকে মামার গলা এল। “মায়া।”
আমরা নেমে এলাম।
বারান্দায় মামা দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরোনো খাম। খামটা হলদে হয়ে গেছে, কোনাগুলো নরম। আন্টি পেছনে।
আমি খামটার দিকে তাকালাম। এক পাশে ছাপা অক্ষরে লেখা, হক প্রিন্টার্স, বাংলাবাজার, ঢাকা।
“আঙ্কেলের প্রেসের খাম?”
“শোকেসে রাখা ছিল,” আন্টি বললেন। “ও নিজে ছাপত। বলত, নিজের খাম না থাকলে প্রেস কিসের।”
মামা খামটা উল্টাল। “মায়া, তোর একটা প্রশ্ন ছিল। কাল রাতে বাসে বসে যেটা ভেবেছিস।”
আমি অবাক হলাম। মামা কীভাবে জানল? তারপর মনে হলো, প্রশ্নটা হয়তো আমার মুখে লেখা ছিল।
“আঙ্কেলের ফোন তো আলমারিতে ঘুমাচ্ছে,” আমি বললাম। “চার্জ নাই, ধুলা জমে আছে। তাহলে আন্টির ফোনে আঙ্কেলের নাম উঠল কীভাবে?”
তানিয়া আপু আমার পাশে এসে দাঁড়াল।
মামা খামটা আমার হাতে দিল। “ধর, আজ আমি এই খামে একটা চিঠি ভরে পোস্ট অফিসে দিয়ে আসলাম। পিয়ন যখন তোদের বাসায় চিঠিটা দিতে যাবে, সে কী দেখবে?”
“খামের ওপরের নাম। হক প্রিন্টার্স।”
“পিয়ন কি জানবে, চিঠিটা নূরুল সাহেব পাঠাননি? আমি পাঠিয়েছি?”
“না।”
“কেন?”
“কারণ পিয়ন খাম খুলে দেখে না। ওপরে যা লেখা থাকে, তাই বিশ্বাস করে।”
মামা মাথা নাড়ল। “ফোনের পর্দাও অনেক সময় এই পিয়নের মতো। কল আসার সময় একটা নম্বর সঙ্গে নিয়ে আসে, খামের ওপরের নামের মতো। ফোন সেটা পড়ে। পরীক্ষা করে না।”
“কিন্তু নামটা তো ফোন নিজেই বসাল,” তানিয়া আপু বলল। “তানিয়ার আব্বু।”
“কারণ ওই নম্বরটা আপনার আম্মার ফোনে আগে থেকে সেভ করা। ফোন নম্বর দেখল, চিনল, নাম বসিয়ে দিল। নামটা সত্যি। নম্বরটাও সত্যি। শুধু খামের ভেতরে যে মানুষ, সে অন্য কেউ।”
বারান্দায় কেউ কিছু বলল না। নিচের গলি দিয়ে একটা ভ্যান গেল, তার ঘণ্টির শব্দ বারান্দার দেয়ালে লেগে ফিরে এল।
আমি খামটার দিকে তাকিয়ে রইলাম। হক প্রিন্টার্স। এত সাধারণ ক’টা শব্দ। অথচ আজ থেকে আমি আর কোনোদিন ফোনের পর্দায় পরিচিত একটা নাম দেখে নিশ্চিন্ত হতে পারব না।
“তাহলে আমি যদি কাল আম্মুর নাম লিখে…” আমি শুরু করলাম।
“না,” মামা বলল। শুধু এইটুকু। আমি চুপ করে গেলাম।
তানিয়া আপু তখনো খামটার দিকে তাকিয়ে আছে। “কিন্তু গলাটা?” আপু আস্তে বলল। “গলা তো খামের ওপর লেখা যায় না, মামা। ওইটা আব্বুর গলা ছিল। কাশিটা পর্যন্ত।”
মামা উত্তর দিল না। বারান্দার রেলিংয়ে দুই হাত রেখে নিচের গলির দিকে তাকিয়ে রইল।
“গলার কথা পরে,” অনেকক্ষণ পর মামা বলল।
আমরা যখন বের হলাম, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আম্মুর প্রথম শর্ত ভাঙতে যাচ্ছে। আন্টি দরজা পর্যন্ত এলেন।
“রাতে এই গলিতে থাকলে বুঝতা,” তিনি হঠাৎ বললেন, যেন অনেকক্ষণ ধরে কথাটা বলার জন্য অপেক্ষা করছিলেন। “হাশেম চৌকিদার সারা রাত বাঁশি বাজায়। তিনটা গলি ঘোরে, প্রতিবার আমার জানালার নিচ দিয়ে যায়। ও বেঁচে থাকতে বলত, হাশেমের বাঁশি না শুনলে ওর ঘুম আসে না। এখন আমার ঘুম আসে না বাঁশির জন্য।”
তিনি একটু হাসলেন। আমরা কেউ হাসলাম না।
মামা আমাকে লক্ষ্মীবাজারের মোড়ে এনে একটা সিএনজিতে তুলে দিল, আর সিএনজির নম্বরটা নিজের বাটন ফোন থেকে আম্মুকে মেসেজ করে দিল। জ্যাম ঠেলে বাসায় ফিরলাম রাত আটটায়। আম্মু দরজা খুলে কিছু বলল না। খাওয়ার পর হাত বাড়িয়ে দিল। আমি অঙ্ক খাতাটা দিলাম।
আম্মু একত্রিশ নম্বরটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর খাতাটা বন্ধ করে আমার প্লেটে আরেক চামচ ডাল দিল। কিছুই বলল না।
এর চেয়ে কঠিন শাস্তি আমি জীবনে পাইনি।
রাত এগারোটা চল্লিশে ফোনটা কাঁপল। তানিয়া আপুর মেসেজ।
“আম্মা ঘুমাইছে। এইটা শুনিস। আমি পারব না।”
নিচে একটা অডিও ফাইল। পঞ্চান্ন সেকেন্ড।
আমি ইয়ারফোন কানে দিয়ে লাইট নিভিয়ে দিলাম। পাশের ঘরে আম্মু টিভি দেখছে, শব্দটা দেয়ালের ওপাশ থেকে মৃদু ভেসে আসছে।
প্লে চাপলাম।
প্রথমে কয়েক সেকেন্ড কিছু না। একটা হালকা শোঁ শোঁ শব্দ, যেন অনেক দূরে বাতাস বইছে।
তারপর একটা কাশি। শুকনা, ছোট, একবার।
তারপর একটা গলা। ভারী, একটু ক্লান্ত, বিকেলে তানিয়া আপুর ফোনে যে গলায় চিনির দাম নিয়ে রাগ শুনেছি, ঠিক সেই গলা।
“মুনিয়া।”
আমি পজ চাপলাম। আঙুলটা কাঁপছিল।
“মায়া?” দেয়ালের ওপাশ থেকে আম্মুর গলা। “এখনো জেগে আছিস?”
“ঘুমাচ্ছি, আম্মু।”
টিভির শব্দ আবার শুরু হলো। আমি অন্ধকারে শুয়ে রইলাম, ফোনটা বুকের ওপর। স্ক্রিনে পজ হয়ে থাকা লাইনটা জ্বলছে। দশ সেকেন্ড পার হয়েছে। বাকি পঁয়তাল্লিশ।
একজন মৃত মানুষ আমার কানের ভেতর বাকি কথাগুলো বলার জন্য অপেক্ষা করছিলেন।