আভ্যিয়ানআভ্যিয়ান

ওপারের ফোন

অধ্যায় ৪

চল্লিশার ছবি

এই অধ্যায়ে

এখন পড়ছেনঃ — জন

এখন পর্যন্ত পড়েছেনঃ — বার

অক্ষরের মাপ ৩

রাত এগারোটায় আমি নিজের ফেসবুক প্রোফাইলটা প্রথমবারের মতো অন্য মানুষের চোখ দিয়ে দেখলাম।

ব্যাপারটা সহজ না। নিজের প্রোফাইল দেখলে মনে হয়, সব ঠিকঠাক, সব সুন্দর। কিন্তু মামার প্রশ্নটা মাথা থেকে যাচ্ছিল না। ইন্টারনেটে তোর নিজের গলা কত মিনিট আছে? তাই ঠিক করলাম, আজ আমি একজন অচেনা লোক। এমন একজন, যে আমাকে চেনে না, কিন্তু চিনতে চায়।

অচেনা লোকটা প্রথমেই দেখল আমার স্কুলের নাম। তারপর কোচিং-এর নাম, কারণ গত মাসে আমি কোচিং-এর ফেয়ারওয়েলের ছবি দিয়ে লিখেছিলাম, মিস করব তোদের। তারপর আমাদের বাসার ছাদ, যেখান থেকে মোহাম্মদপুরের মসজিদের মিনারটা পরিষ্কার দেখা যায়। তারপর আম্মুর জন্মদিনের ছবি, ক্যাপশনে আম্মুর নাম। তারপর বিতর্কের ভিডিও। সাত মিনিট। আমার গলা। আমার হাসি। আমি কথা বলার আগে যে “আসলে” বলি, সেটা পর্যন্ত।

অচেনা লোকটা অনেক কিছু জেনে গেল। আমি ফোনটা বুকের ওপর রেখে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম।

প্রথমে ইচ্ছা হলো সব মুছে ফেলি। পুরো প্রোফাইল। তারপর মনে হলো, তাহলে তো আমি বিতর্কের ভিডিওটাও হারাব। ওই দিন আমি প্রথম হয়েছিলাম। হেডস্যার নিজে মেডেল পরিয়ে দিয়েছিলেন। ওটা মুছব না।

তাই অন্যভাবে ভাবলাম। কোনটা সবার জন্য, আর কোনটা শুধু চেনা মানুষের জন্য।

বিতর্কের ভিডিওটা স্কুলের পেজে আছে, ওটা আমার হাতে নেই। ঠিক আছে, থাকুক। জন্মদিনের গানের রিল তিনটা। ওগুলোতে আমি বেসুরো গলায় চিৎকার করছি, আর পেছনে রিয়া চিপস খাচ্ছে। এগুলো পৃথিবীর কারও দরকার নেই। প্রাইভেসি সেটিংস খুললাম। তিনটা রিলের পাশে লেখা ছিল Public। বদলে দিলাম। Friends। তারপর একটু ভেবে, দুটোকে Only me।

আম্মুর জন্মদিনের ছবির ক্যাপশন থেকে আম্মুর নামটা মুছে দিলাম। ছবিটা থাকল। আম্মুর হাসিটা সুন্দর, ওটা লুকানোর কিছু নেই।

দরজায় খুট করে শব্দ। আম্মু মাথা ঢুকিয়েছে।

“এখনো জেগে?”

“প্রাইভেসি সেটিংস ঠিক করছি।”

আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন আমি বলেছি মঙ্গল গ্রহে যাওয়ার টিকিট কাটছি। “রাত এগারোটায় প্রাইভেসি? আগে চোখের প্রাইভেসি দে। ঘুমা।”

দরজা বন্ধ হলো। আমি অন্ধকারে একা একা হাসলাম। তারপর আবার কাজে লাগলাম।

রিয়াকে মেসেজ দিলাম। “টিকটকটা ডিলিট কর।”

এক মিনিটের মধ্যে উত্তর। “কোনটা? নাচেরটা? জীবনেও না 😂”

“সিরিয়াসলি বলছি। ডিলিট কর।”

“কেন? কী হইছে?”

কী উত্তর দেব বুঝলাম না। লিখলাম, “পরে বলব। প্লিজ।”

অনেকক্ষণ কোনো উত্তর এল না। তারপর একটা ছোট্ট মেসেজ। “ওকে। দিলাম। তুই ঠিক আছিস তো?”

আমি লিখলাম, “হুম।” তারপর ফোনটা বালিশের নিচে রেখে দিলাম। দরজার ফাঁক দিয়ে আম্মুর ঘরের আলো এসে পড়েছে মেঝেতে। আম্মু এখনো জেগে, কারও সাথে ফোনে কথা বলছে। খালামণির সাথে সম্ভবত। আম্মুর গলাটা শুনতে পাচ্ছিলাম, কথাগুলো না।

খালামণির ফেসবুকে আম্মুর কত ভিডিও আছে, আমি জানি না। কোনোদিন গুনিনি।

পরদিন সোমবার। স্কুল শেষে তানিয়া আপুর মেসেজ এল।

“আম্মা বলছে মামাকে আব্বুর ভিডিওটা দেখাতে চায়। চল্লিশার দিন যেটা দেখানো হইছিল। সজীব ভাই বানাইছে। আজ বিকালে আসতে পারবা?”

আম্মুকে ফোন করলাম। আম্মু চুপ করে শুনল, তারপর বলল, “মাগরিবের আগে।”

“জানি।”

“আর মামাকে বলিস, ফেরার সময় তোকে যেন সিএনজিতে তুলে দেয়। সিএনজির নম্বরটা আমাকে পাঠাবি। আর গুগল ম্যাপে লোকেশন শেয়ার চালু রাখবি, আমার সাথে। পুরো রাস্তা।”

“আম্মু, আমি পনেরো।”

“সেজন্যই তো বলছি। মোহাম্মদপুরে সন্ধ্যার পর রাস্তায় কী হয়, জানিস না? গত সপ্তাহে বাসস্ট্যান্ডের কাছে রিকশা থেকে এক মেয়ের ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে। মোটরসাইকেলে দুইজন, চোখের পলকে।”

ফরাশগঞ্জের বাসার বসার ঘরে টিভিটা পুরোনো, কিন্তু বড়। পর্দা টেনে দেওয়া হয়েছে, তবু বিকেলের আলো পর্দার ফাঁক গলে ঢুকে মেঝেতে লম্বা দাগ টেনেছে। সজীব ভাই টিভির পাশে উবু হয়ে বসে নিজের ফোনের সাথে একটা তার লাগাচ্ছে। সালেহা আন্টি সোফার এক কোণে, হাত দুটো কোলে জড়ো করা। তানিয়া আপু মেঝেতে, দেয়ালে হেলান দিয়ে। মামা একটা কাঠের চেয়ারে, একটু পেছনে, যেন দর্শক না, পাহারাদার।

“চল্লিশার দিন মসজিদের পাশের হলে প্রজেক্টরে দেখাইছিলাম,” সজীব ভাই বলল। “সবাই কাঁদছিল। খালু তো সবার প্রিয় মানুষ ছিল।”

“ফেসবুকে দাওনি?” মামা জিজ্ঞেস করল।

“খালা দিতে দেয় নাই।” সজীব ভাই আন্টির দিকে তাকাল।

“এইটা ঘরের জিনিস,” আন্টি আস্তে বললেন। “সবার দেখার জিনিস না।”

“ভাইয়া আসতে পারে নাই,” তানিয়া আপু মেঝে থেকে বলল, কাউকে উদ্দেশ্য না করে। “চল্লিশার দিন ভিডিও কলে দেখছিল। ফোনটা প্রজেক্টরের পাশে রাখা ছিল। পুরোটা সময় কাঁদছিল। শব্দ বন্ধ করে, যাতে কেউ না শোনে।”

সজীব ভাই প্লে চাপল।

প্রথমে একটা পুরোনো ছবি। সাদাকালো। একটা রোগা ছেলে, চুলে তেল দেওয়া, একটা ছাপাখানার মেশিনের পাশে দাঁড়িয়ে আছে, গম্ভীর মুখে। নিচে লেখা ভেসে উঠল, নূরুল হক, ১৯৮৯।

তারপর রঙিন ছবি। বিয়ের ছবি, আন্টির মুখ লাল কাপড়ে অর্ধেক ঢাকা। তারপর ছোট্ট ফাহিম ভাইয়াকে কাঁধে নিয়ে বুড়িগঙ্গার পাড়ে। তারপর তানিয়া আপুর স্কুলের প্রথম দিন, আঙ্কেলের হাত ধরে, কাঁদছে। মেঝে থেকে তানিয়া আপু একটা ছোট্ট শব্দ করল, হাসি আর কান্নার মাঝামাঝি।

তারপর গলা।

ছবির ওপর দিয়ে আঙ্কেলের গলা ভেসে এল, একটা পুরোনো ভয়েস মেসেজ থেকে। “বুড়ি, পরীক্ষা কেমন হইল? ভয় পাইস না, আমিও অঙ্কে ফেল করছিলাম একবার।”

আমি তানিয়া আপুর দিকে তাকালাম না। তাকানোর সাহস হলো না।

ভিডিওটা চলতে থাকল। আরও ছবি, আরও গলা। প্রেসের কর্মচারীদের সাথে ঈদের দিন। কাদের মিয়া নামে একজন বুড়ো মানুষ, কালিমাখা আঙুলে মিষ্টির প্যাকেট ধরে আছেন। আঙ্কেল আর একজন মোটাসোটা, রাগী চেহারার লোক পাশাপাশি দাঁড়িয়ে, দুজনেরই একই রকম নাক। চিনির দাম নিয়ে রাগ করার সেই ক্লিপ, যেটা ইন্টারনেটে বিখ্যাত। মাঝে মাঝে ভয়েস মেসেজ, ফাহিম ভাইয়াকে, তানিয়া আপুকে, কাকে না কাকে।

“ফাহিম, বাবা, ঠিকমতো খাস। ওখানকার ভাতে স্বাদ নাই জানি, তবু খাস।”

শেষের দিকে ছবিগুলো বদলে গেল। আঙ্কেল আরও রোগা। চোখের নিচে কালি। একটা ছবিতে হাসপাতালের বেডে বসে আছেন, হাতে স্যালাইনের নল, তবু হাসছেন, যেন কেউ জোর করে হাসতে বলেছে।

আর সবশেষে একটা ভয়েস মেসেজ, কোনো ছবি ছাড়া। শুধু কালো পর্দা।

একটা শুকনা কাশি। তারপর গলা, অনেক ক্লান্ত।

“সবাই ভালো থাকিস। আমি একটু ঘুমাই।”

পর্দা সাদা হয়ে গেল। কেউ নড়ল না।

তানিয়া আপু হাঁটুতে মুখ গুঁজে বসে রইল। সজীব ভাই উঠে গিয়ে আপুর মাথায় একবার হাত রাখল, তারপর তাড়াতাড়ি সরিয়ে নিল, যেন বুঝতে পারছে না কাজটা ঠিক হলো কি না।

আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কাশিটা। বৃহস্পতিবার রাতের ফোনের কাশিটা ঠিক এরকম। একই রকম ছোট, একই রকম শুকনা, যেন গলার ভেতর কেউ একটা দরজায় একবার টোকা দিল।

আন্টি উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পরে সেখান থেকে চামচ নাড়ার শব্দ এল, অকারণে, অনেকক্ষণ ধরে।

আমি কী করব বুঝতে না পেরে উঠে পড়লাম। পানি খাওয়ার ছুতোয় রান্নাঘরে গেলাম।

আন্টি চুলার সামনে দাঁড়িয়ে, চুলা বন্ধ। হাঁড়িতে কিছু নেই। শুধু চামচটা হাতে।

“পানি খাবা?” আন্টি আমাকে দেখে বললেন, যেন কিছুই হয়নি।

আমি মাথা নাড়লাম। আন্টি একটা গ্লাসে পানি ঢেলে দিলেন।

“ও লিখতে পারত না, জানো?” হঠাৎ বললেন। “মানে, পারত, কিন্তু ফোনে টাইপ করতে পারত না। আঙুল মোটা, অক্ষর ছোট। বলত, এত ছোট ছোট ঘরে বাংলা ধরে না। তাই সব কথা বলে পাঠাত। বাজারের লিস্ট পর্যন্ত। আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, আর মুনিয়া, তোমার জন্য বেলি ফুল।” আন্টি একটু থামলেন। “ফোনভর্তি ওর গলা। আমি মুছতে পারি না।”

গ্লাসটা আমার হাতে ঠান্ডা লাগছিল। আমি কিছু বলতে পারলাম না। শুধু বুঝলাম, একটা মানুষের গলা মরে যাওয়ার পরও কত জায়গায় যে বেঁচে থাকে, তার হিসাব কেউ রাখে না।

বসার ঘরে ফিরে দেখি মামা চেয়ারে আগের মতোই বসে আছে।

“আরেকবার চালাও,” মামা বলল।

সজীব ভাই অবাক হয়ে মামার দিকে তাকাল। তারপর কিছু না বলে আবার প্লে চাপল।

মামা দ্বিতীয়বার পুরো ভিডিওটা দেখল। এবার আমি ভিডিও দেখলাম না, মামাকে দেখলাম। মামার চোখ পর্দার ছবির ওপর ছিল না। মামা শুনছিল। প্রতিটা ভয়েস মেসেজ শুরু হলে মামার মাথা একটু কাত হয়ে যাচ্ছিল, যেভাবে রেডিওর পুরোনো স্টেশন খুঁজতে গিয়ে মানুষ নব ঘোরায়।

দ্বিতীয়বার শেষ হলে মামা জিজ্ঞেস করল, “এত ভয়েস কোথায় পেলে?”

সজীব ভাইয়ের মুখে একটু গর্ব ফুটে উঠল। সঙ্গে একটু লজ্জাও। “সবার কাছ থেকে জোগাড় করছি, মামা। খালার পুরান ফোন থেকে, তানিয়ার ফোন থেকে, ফ্যামিলি গ্রুপ থেকে। চাচার কাছে কয়েকটা ছিল। আর সবচেয়ে বেশি পাঠাইছে ফাহিম ভাই। মালয়েশিয়া থেকে, রাত জেগে খুঁজে খুঁজে। খালু ওরে প্রায় প্রতিদিন ভয়েস দিত।”

“শেষেরটা?” মামা জিজ্ঞেস করল। “কালো পর্দার ওপর যেটা।”

সজীব ভাই একটু থামল। “ওইটা খালার ফোনে ছিল। হাসপাতালে যাওয়ার আগের রাতে খালু খালারে পাঠাইছিল। খালার পুরান ফোন থেকে নতুন ফোনে সব আনার সময় পাইছি।” সে মাথা নিচু করল। “খালাকে জিজ্ঞেস করে নিছিলাম, মামা। খালা বলছে, দাও। ও শেষে এইটাই বলছিল।”

মামা মাথা নাড়ল। আর কিছু জিজ্ঞেস করল না।

“কতদিন লাগল বানাতে?”

“দুই সপ্তাহ। রাতে রাতে।” সজীব ভাই একটু হাসল। “অফিসের কাজের ফাঁকে।”

ঠিক তখন তার পকেটে ফোনটা বেজে উঠল। সজীব ভাই বের করে স্ক্রিনের দিকে তাকাল, তারপর কেটে দিল। একটু পরে আবার বাজল। আবার কাটল। তৃতীয়বার বাজতেই ফোনটা উল্টে টেবিলে রেখে দিল।

আমি ফোনটার দিকে তাকিয়ে ছিলাম। স্ক্রিনে কোনো নাম ছিল না। শুধু একটা নম্বর।

“অফিস?” আমি জিজ্ঞেস করলাম। প্রশ্নটা হালকা করেই করেছিলাম।

“ক্লায়েন্ট,” সজীব ভাই বলল। “ডিজাইন পছন্দ হয় নাই, তাই রাগ করছে। এরা দিনে বিশবার ফোন দেয়।” সে হাসল। “ফ্রিল্যান্সিংয়ের মজা।”

তানিয়া আপু মেঝে থেকে উঠে টিভিটা বন্ধ করল। সাদা পর্দাটা কালো হয়ে গেল। ঘরের ভেতর হঠাৎ অনেক বেশি অন্ধকার মনে হলো।

ঠিক তখন বাইরের দরজায় ধাম ধাম শব্দ। কেউ দরজায় টোকা দিচ্ছে না, দরজাকে শাসন করছে।

“ভাবি! দরজা খোলেন!”

তানিয়া আপু ফিসফিস করে বলল, “চাচা।”

তার গলায় একটা কিছু ছিল। ভয় না ঠিক। ক্লান্তি।

যে লোকটা ঢুকলেন, তাঁকে আমি এইমাত্র পর্দায় দেখেছি। আঙ্কেলের পাশে দাঁড়ানো সেই মোটাসোটা, রাগী চেহারার লোক। একই রকম নাক। শুধু চুল আরও কম, পেট আরও বেশি। হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, তাতে কলা আর একটা পাউরুটি। শার্টের হাতায় কালো কালো দাগ, লোহার গুঁড়ার মতো। পরে জেনেছি, নবাবপুরে তাঁর হার্ডওয়্যারের দোকান।

শফিক চাচা।

তিনি ঢুকেই থেমে গেলেন। মামাকে দেখলেন। তারপর আমাকে। তারপর বন্ধ টিভিটার দিকে।

“তুমি কে?” আমাকে জিজ্ঞেস করলেন।

“মায়া। ভাগ্নি।”

“কার ভাগ্নি?”

“মামার।”

শফিক চাচা কিছুক্ষণ ভাবলেন। “দুনিয়ার সবাই কারো না কারো ভাগ্নি,” শেষে বললেন, যেন এটা একটা গভীর দার্শনিক সত্য, আর তারপর আমার কথা ভুলে গেলেন।

“আবার ওই ভিডিও চালাইছ?” তিনি সজীব ভাইয়ের দিকে তাকালেন। “কতবার কমু, ভাবিরে এইগুলা দেখাইবা না। প্রতিবার দেইখা তিন দিন খায় না।”

“খালা নিজেই দেখাইতে বলছে, চাচা,” সজীব ভাই নিচু গলায় বলল।

শফিক চাচা কলার ব্যাগটা টেবিলে প্রায় ছুড়ে রাখলেন। তারপর মামার দিকে ফিরলেন। “আপনেই সেই লোক? লক্ষ্মীবাজারের? জিনের ডাক্তার?”

Great, আমি মনে মনে বললাম। Just great. মতিন সাহেবের প্রচার এখন ফরাশগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে।

“আমার নাম তাহমিদ,” মামা বলল। “আমি জিন ধরি না।”

“তাইলে কী ধরেন?”

“এখনো কিছু ধরিনি।”

শফিক চাচা একটা চাপা শব্দ করলেন, হাসি না, বিরক্তি না, দুইয়ের মাঝামাঝি। তারপর সোফায় ধপ করে বসলেন। সোফাটা আর্তনাদ করে উঠল।

আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, হাতে চায়ের কাপ। শফিক চাচাকে দেখে একটু থমকালেন, তারপর কাপটা তাঁর সামনে রাখলেন। “চিনি দেই নাই। ডাক্তার মানা করছে তোমারে।”

“ডাক্তার অনেক কিছু মানা করে।” শফিক চাচা কাপটা তুললেন, তারপর আবার নামিয়ে রাখলেন। “ভাবি, আমি আবার কইতে আসছি। প্রেসটা বেইচা দেন।”

ঘরটা চুপ হয়ে গেল।

“এই কথা এখন না, শফিক,” আন্টি বললেন।

“এখন না তো কখন? প্রেস তিন মাস ধইরা লস দিতেছে। কাগজের দাম ডবল। কাস্টমার নাই। কাদের মিয়ার বেতন কে দিব? আপনে?”

“কাদের ভাই তো বলে বেতন পাইতেছে।”

“কোথা থেকে পাইতেছে?”

আন্টি উত্তর দিলেন না। শফিক চাচাও আর কিছু বললেন না। কয়েক সেকেন্ড দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন, যেন দুজনের কাছেই একটা প্রশ্ন আছে, কেউ জোরে বলতে চাইছে না।

মামা এই প্রথম কথা বলল। “নূরুল সাহেব যেদিন হাসপাতালে মারা গেলেন, তাঁর ফোনটা কার কাছে ছিল?”

শফিক চাচা মামার দিকে ঘুরলেন, ধীরে। “আমার কাছে। ক্যান?”

“কতক্ষণ?”

“এক রাত। আত্মীয়-স্বজনরে খবর দিতে হইছে না? গ্রামের বাড়ির লোকজন, ভাইজানের বন্ধুরা, প্রেসের পার্টি, সবার নম্বর তো ভাইজানের ফোনে। আমি সারা রাত বইসা ফোন করছি। পরদিন সকালে ভাবিরে ফেরত দিছি।”

“ফোনে লক ছিল?”

“ছিল।”

“খুললেন কীভাবে?”

শফিক চাচা একটু চুপ করে রইলেন। তারপর বললেন, “আমি জানতাম। আমাগো ছোটবেলার বাসার নম্বর। ভাইজান সব কিছুতে ওইটাই দিত। ব্যাংকের কার্ড, আলমারির তালা, সব।”

আন্টি অবাক হয়ে তাকালেন। “তুমি জানতা?”

“আমি ওর ছোট ভাই, ভাবি। আমি জানব না তো কে জানব?”

আমি তানিয়া আপুর দিকে তাকালাম। আপুর মুখটা শক্ত হয়ে আছে। সজীব ভাই চায়ের কাপের দিকে তাকিয়ে, যেন কাপের তলায় কিছু লেখা আছে।

আমার মাথার ভেতর একটা ছবি তৈরি হচ্ছিল, আর আমি ছবিটা পছন্দ করছিলাম না। শফিক চাচা। যিনি এক রাতের জন্য আঙ্কেলের ফোন নিজের কাছে রেখেছিলেন। যিনি লক খুলতে জানেন। যিনি প্রেসটা বেচতে চান। আবার এই লোকটাই ভাবির চায়ে চিনি না দেওয়ার কথা শুনে চুপ করে থাকেন, আর ভাইয়ের বাসায় আসেন কলা আর পাউরুটি নিয়ে। ছবিটা ঠিক মিলছিল না। কোনো ভূত কি কলা কিনে আনে?

“চল্লিশার দিনও আমি সবার সামনে কইছি,” শফিক চাচা বলে চললেন, গলা একটু চড়িয়ে, যেন পুরো ঘরকে শোনাচ্ছেন। “ভাইজান সারা জীবন একটা কথা কইত। দেনা মাথায় নিয়া মরলে কবরেও শান্তি নাই। কইত না, ভাবি? এখন প্রেসটা বেইচা সব দেনা-পাওনা মিটাইয়া ফেলেন। ভাইজানের রুহটা শান্তি পাক।”

আমি নড়তে পারলাম না।

কবরে শান্তি পাচ্ছে না। একটা দেনা রয়ে গেছে।

বৃহস্পতিবার রাতের গলাটা এই কথাই বলেছিল। প্রায় একই শব্দে।

আমি মামার দিকে তাকালাম। মামার মুখে কিছু বোঝা গেল না। মামা শুধু শফিক চাচার দিকে তাকিয়ে ছিল, শান্ত চোখে, যেভাবে মানুষ বৃষ্টির আগে আকাশের দিকে তাকায়।

“ওর কোনো দেনা ছিল না, শফিক,” আন্টি বললেন। গলাটা কাঁপছিল, কিন্তু স্পষ্ট। “আমি তিরিশ বছর ওর সংসার করছি। ও কারও কাছে এক টাকাও বাকি রাখত না। তুমিও জানো।”

শফিক চাচা উত্তর দিলেন না। চায়ের কাপটা না ছুঁয়ে উঠে দাঁড়ালেন। কলার ব্যাগটা টেবিলেই রেখে দিলেন। দরজার দিকে এগোলেন।

“চাচা, কলাগুলো…” তানিয়া আপু বলতে গেল।

“তোদের জন্য আনছি।”

দরজার সামনে গিয়ে তিনি থামলেন। পেছন ফিরলেন না। দরজার কাঠে একটা হাত রাখলেন, ভারী, লোহার গুঁড়ায় কালো হয়ে থাকা হাত।

“ভাইজানের দেনা ছিল, ভাবি,” তিনি বললেন। “আমি জানি।”

তারপর দরজাটা তাঁর পেছনে বন্ধ হয়ে গেল।