অধ্যায় ৫
ছাপাখানার রাত
এই অধ্যায়ে
এখন পড়ছেনঃ — জন
এখন পর্যন্ত পড়েছেনঃ — বার
বাংলাবাজারের গলিতে রিকশা ঢোকার পর থেকে মনে হচ্ছিল, আমরা একটা বিশাল বইয়ের ভেতর দিয়ে যাচ্ছি।
দুই পাশে দোকান আর দোকান, সবগুলোতে বই। মেঝে থেকে ছাদ পর্যন্ত বইয়ের স্তূপ। গাইড বই, উপন্যাস, ধর্মের বই, রান্নার বই, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার বই। একটা দোকানের সামনে বান্ডিল বাঁধা নতুন বইয়ের ওপর একজন লোক ঘুমিয়ে আছেন, মাথার নিচে বালিশ না, একটা অভিধান। বাতাসে কাগজের গন্ধ, আঠার গন্ধ, আর ভ্যানের চাকা থেকে ওঠা কাদার গন্ধ।
বৃহস্পতিবার বিকেল। স্কুল থেকে সোজা লক্ষ্মীবাজার, বাসে, আজিমপুরের জ্যাম ঠেলে এক ঘণ্টার ওপর। সেখান থেকে মামার সাথে রিকশা। আম্মু এবার শর্ত দেয়নি। শুধু বলেছে, “বাংলাবাজার গেলে আমার জন্য একটা ভালো রান্নার বই আনিস।” মনে হয় আম্মু হাল ছেড়ে দিচ্ছে। অথবা নতুন কৌশল ধরেছে।
আমার এক কানে ইয়ারফোন। রেকর্ডিংটা আবার শুনছিলাম। কতবার শুনেছি, গুনে রাখিনি। এখন আর গায়ের লোম দাঁড়ায় না। এখন শুধু একটা অস্বস্তি হয়, যেভাবে অঙ্কের কোনো উত্তর মিলে গেলেও মনে হয় কোথাও ভুল আছে।
“মামা।”
“হুঁ।”
“আন্টি জিজ্ঞেস করলেন, তুমি খাইছ। ওখানে তোমারে কেউ খাইতে দেয়। আঙ্কেল কিছু বললেন না। শুধু নিজের কথা বলে গেলেন। দেনাটা শোধ করো, নম্বর লিখে নাও।” আমি ইয়ারফোনটা খুলে মামার দিকে ফিরলাম। “আর প্রথম কলেও তাই হয়েছিল। আন্টি বলেছিলেন, তুমি কোথায়, কেমন আছ। উত্তর দেয়নি। একই কথা আবার বলেছে।”
রিকশা একটা ঠেলাগাড়িকে পাশ কাটাল। ঠেলাগাড়ি ভর্তি কাগজের রিম, সাদা, চকচকে।
“কমলাপুর স্টেশনে গেছিস কখনো?” মামা জিজ্ঞেস করল।
“গেছি। নানুবাড়ি যাওয়ার সময়।”
“মাইকে একটা মেয়ের গলা থাকে। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে।”
“হ্যাঁ। প্রতিবার একই গলা।”
“ওই গলাকে তুই যদি জিজ্ঞেস করিস, আপা, আমার ট্রেন কয়টায়, কী উত্তর দেবে?”
“কিছুই না। ওটা তো রেকর্ড করা।” আমি হেসে ফেললাম। তারপর হাসিটা থেমে গেল।
“রেকর্ড করা গলা কথা বলতে পারে,” মামা বলল। “শুনতে পারে না। যে শুনতে পারে না, সে উত্তরও দিতে পারে না। শুধু যা বলার জন্য তাকে বানানো হয়েছে, সেটাই বলে যায়। বারবার।”
“তাহলে আঙ্কেলের গলাটা…”
“কাউকে আগে থেকে লিখে দিতে হয়েছে, কী কী বলবে। দেনা। নম্বর। বৃহস্পতিবার। মুনিয়া। সেগুলো বলা হয়েছে। কিন্তু খাওয়ার প্রশ্নটা কেউ আগে থেকে ভাবেনি।”
আমি চুপ করে রইলাম। আমার মাথায় তখন আম্মুর ছবি। আম্মু যদি কোনোদিন রাতে একটা ফোন পায়, আমার গলায়, আর আম্মু জিজ্ঞেস করে, মায়া, তুই রাতে ভাত খেয়েছিস? আর ওপাশ থেকে আমার গলা উত্তর না দিয়ে শুধু বলে যায়, আম্মু, টাকা পাঠাও…
“তাহলে কেউ ফোন করলে,” আমি আস্তে বললাম, “একটা সাধারণ প্রশ্ন করা উচিত। এমন কিছু, যার উত্তর আগে থেকে লিখে রাখা যায় না।”
মামা কিছু বলল না। কিন্তু মামা আমার দিকে একবার তাকাল, আর আমি বুঝলাম, আমি ঠিক বলেছি।
রিকশা থামল একটা সরু গলির মুখে। গলিটা এত সরু যে রিকশা ঢুকবে না। দুই পাশের দেয়াল এত কাছে, হাত বাড়ালে দুটোই ছোঁয়া যায়। মাথার ওপর তারের জট, তার ফাঁক দিয়ে আকাশ একটা ফিতার মতো দেখা যায়।
হক প্রিন্টার্সের সাইনবোর্ডটা ছোট, টিনের, রং চটে গেছে। হ আর ক-এর মাঝখানে কেউ একটা পাখি এঁকে দিয়েছে, অনেক আগে, এখন প্রায় মুছে গেছে। দেখে মনে হলো মুনিয়া। হয়তো আমার মনের ভুল।
ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে ধাক্কা দিল। কালি, কেরোসিন, আর পুরোনো কাগজ মেশানো, ভারী একটা গন্ধ। ঘরটা লম্বা, অন্ধকার। এক পাশে একটা বিশাল কালো মেশিন, লোহার চাকা আর হাতল লাগানো, দেখতে কোনো জাদুঘরের জিনিসের মতো। আরেক পাশে কাঠের তাক, তাতে ছোট ছোট খোপ, শত শত, আর প্রতিটা খোপে ছোট ছোট সিসার অক্ষর।
তাকের সামনে টুলে বসে একজন বুড়ো মানুষ সেই অক্ষর তুলে তুলে একটা কাঠের ফ্রেমে বসাচ্ছেন। চুল সব সাদা, পরনে লুঙ্গি আর হাতাকাটা গেঞ্জি। আঙুলগুলো কালো, কালিতে।
ভিডিওতে দেখা সেই মানুষ। কাদের মিয়া।
“আসসালামু আলাইকুম,” মামা বলল।
কাদের মিয়া মুখ তুললেন না।
“আসসালামু আলাইকুম!” মামা এবার জোরে বলল।
কাদের মিয়া চমকে তাকালেন। তারপর চশমাটা নাকের ডগা থেকে তুলে চোখের ওপর বসালেন। “কে? কারে চান?”
“সালেহা ভাবি পাঠিয়েছেন। ফোন দিয়েছিলেন আপনাকে।”
“ও, ও। ভাবি কইছিলেন। আসেন, আসেন।” কাদের মিয়া উঠলেন। খুব জোরে কথা বলছিলেন, যেভাবে কানে কম শোনা মানুষেরা বলে, ধরে নেয় সবাই তাদের মতোই কম শোনে। “বসেন। চা খাইবেন? দোকানের পোলা আইলে আনাই।”
আমরা একটা কাঠের বেঞ্চে বসলাম। বেঞ্চের ওপর একটা ভাঁজ করা কাঁথা, একটা বালিশ, বালিশের পাশে একটা ছোট রেডিও।
“এইখানেই ঘুমান?” মামা জিজ্ঞেস করল, গলা উঁচু করে।
“পঁচিশ বছর। মালিক কইত, কাদের, বাড়ি যা, বউ-পোলাপান দেখ। আমি কইতাম, মালিক, আমার বউ মারা গেছে, পোলা থাকে সৌদি। বাড়িতে কী দেখমু? দেয়াল?” কাদের মিয়া হাসলেন। দাঁত নেই বেশিরভাগ। “এই মেশিন আমার বউ। এই অক্ষরগুলান আমার পোলাপান।”
আমি অক্ষরের তাকটার দিকে তাকালাম। শত শত ছোট্ট সিসার টুকরা। ক, খ, গ। একটা একটা করে বসিয়ে শব্দ, শব্দ থেকে লাইন, লাইন থেকে পাতা।
“এখনো হাতে কম্পোজ করেন?” মামা জিজ্ঞেস করল।
“দাওয়াতের কার্ড, বিয়ার কার্ড। কিছু পুরান কাস্টমার আছে, কম্পিউটারের ছাপা পছন্দ করে না। কয়, হাতের ছাপায় একটা গন্ধ আছে।” কাদের মিয়া একটা অক্ষর তুলে আলোর দিকে ধরলেন। “মালিক নিজে এইটা শিখছিল আমার কাছে। তখন সে আপনার বয়সী।”
তারপর আমার দিকে তাকালেন, এই প্রথম ভালো করে। “তোমার নাম কী, মা?”
“মায়া।”
কাদের মিয়া কিছু না বলে তাকের দিকে ঘুরলেন। আঙুল চালালেন খোপগুলোর ওপর দিয়ে, না দেখেই, যেভাবে কেউ অন্ধকারে নিজের ঘরের সুইচ খুঁজে পায়। তিনটা ছোট্ট সিসার টুকরা তুলে একটা কাঠের ফ্রেমে বসালেন। একটা রোলারে কালি মাখিয়ে টুকরাগুলোর ওপর বুলিয়ে দিলেন। তারপর একটা সাদা কার্ডের টুকরা চেপে ধরলেন ওপরে, দুই হাতের তালু দিয়ে, অনেকক্ষণ।
কার্ডটা তুলে আমার হাতে দিলেন। কালো, স্পষ্ট, একটু এবড়োখেবড়ো অক্ষরে লেখা: মায়া।
আমি ফ্রেমের দিকে তাকালাম। সিসার অক্ষরগুলো সব উল্টো। আয়নায় দেখা লেখার মতো।
“উল্টা কেন?”
“উল্টা না বসাইলে সোজা ছাপা হয় না,” কাদের মিয়া বললেন, যেন এটা পৃথিবীর সবচেয়ে সহজ কথা।
মামা ফ্রেমটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। কিছু বলল না। আমি কার্ডটা যত্ন করে ব্যাগের ভেতরের পকেটে রেখে দিলাম। এখনো আছে।
তারপর মামা জিজ্ঞেস করল, “মালিক চলে যাওয়ার পর প্রেস চলছে কীভাবে?”
কাদের মিয়ার মুখটা একটু অন্য রকম হয়ে গেল। ফ্রেমটা একপাশে সরিয়ে রাখলেন।
“চলে না, ভাই। চলার ভান করে। কাস্টমার নাই। কাগজের দাম আসমানে।”
“বেতন পান?”
“পাই।”
“কে দেয়?”
কাদের মিয়া উত্তর দিলেন না। জানালার দিকে তাকালেন। জানালা দিয়ে পাশের বাড়ির দেয়াল ছাড়া কিছু দেখা যায় না।
“আপনারা বিশ্বাস করবেন না,” শেষে বললেন। গলাটা এই প্রথম একটু নামল।
“বলে দেখুন।”
“মাসের পয়লা তারিখ। সকালে উইঠা দেখি ক্যাশবাক্সের উপরে একটা খাম। ভিতরে বেতন। গুইনা গুইনা, পুরা। কোনো নাম নাই, কোনো কাগজ নাই।” কাদের মিয়া একটু থামলেন। “আর আগের রাতে, দুইটা-তিনটার দিকে, সিঁড়িতে পায়ের শব্দ পাই। ভারী পা। মালিকের পা যেমন ছিল। আস্তে আস্তে উঠে, ক্যাশবাক্সের কাছে যায়, তারপর আবার নাইমা যায়।”
আমার ঘাড়ের কাছে চামড়াটা শিরশির করে উঠল।
“দেখেননি কে?” মামা জিজ্ঞেস করল।
“দেখার সাহস হয় নাই। কাঁথা মুড়ি দিয়া থাকি। আর আমি তো কানে ভালো শুনি না, ভাই। হয়তো ভুল শুনি।” কাদের মিয়া হাসার চেষ্টা করলেন। “কিন্তু খামটা তো ভুল না। খামটা তো হাতে নিয়া দেখি।”
“আর কিছু টের পান? পায়ের শব্দ ছাড়া?”
কাদের মিয়া ভাবলেন। “একটা গন্ধ। সকালে উইঠা পাই। লোহার গন্ধ। কামারের দোকানের মতো।” তারপর মাথা নাড়লেন, যেন নিজেই নিজের কথা বিশ্বাস করছেন না। “মালিকের রুহ। মালিক মইরাও আমার বেতন দেয়। এমন মানুষ আর হয় না।”
আমি মামার দিকে ঝুঁকে ফিসফিস করে বললাম, প্রায় নিঃশব্দে, “লোহার গন্ধ। শফিক চাচার হাতে লোহার গুঁড়া ছিল।”
কাদের মিয়া মাথাটা ঝট করে আমার দিকে ঘোরালেন।
এক সেকেন্ডের জন্য। তারপর আবার জানালার দিকে ফিরে গেলেন, যেন একটা মাছি উড়ে গেছে।
আমার বুক ধক করে উঠল। আমি এত আস্তে বলেছিলাম, পাশে বসা মামাও হয়তো ঠিকমতো শোনেনি। আর কাদের মিয়া বসে আছেন তিন হাত দূরে। যিনি কানে কম শোনেন। যাঁকে মামা দুইবার সালাম দিয়েছে।
মামা আমার দিকে তাকাল না। কিন্তু মামার হাঁটুটা আমার হাঁটুতে একবার আলতো ছুঁয়ে গেল। মানে, দেখেছি।
“মালিকের কি কোনো দেনা ছিল?” মামা জিজ্ঞেস করল, স্বাভাবিক গলায়, যেন কিছুই হয়নি।
কাদের মিয়া আবার আগের মতো জোরে কথা বলতে শুরু করলেন। “দেনা? মালিকের? না, না। খালি নিখিল বাবুর দোকানে কাগজের কিছু বাকি ছিল। ওইটা সব প্রেসেরই থাকে। মাসে মাসে শোধ হয়।”
“নিখিল বাবু কে?”
“পাশের গলি। সাহা পেপার হাউস। মালিকের তিরিশ বছরের দোস্ত।”
সাহা পেপার হাউস দোকানটা হক প্রিন্টার্সের চেয়ে আলোকিত, পরিষ্কার। কাগজের রিম সাজানো সারি সারি, রঙ অনুযায়ী। সাদা, ঘিয়া, হালকা নীল, বিয়ের কার্ডের সোনালি। কাউন্টারের পেছনের দেয়ালে একটা ছোট্ট তাক, তাতে একটা পিতলের প্রদীপ আর লক্ষ্মীর ছবি, পাশে কয়েকটা শুকনো গাঁদা ফুল।
নিখিল সাহা মানুষটা ছোটখাটো, গোলগাল, চোখে মোটা কাচের চশমা, কপালে হালকা চন্দনের দাগ। মামা পরিচয় দিতেই তিনি উঠে দাঁড়ালেন, হাত জোড় করে নমস্কার করলেন, তারপর দোকানের ছেলেকে চা আনতে পাঠালেন।
“নূরুল ভাই,” তিনি বললেন, আর নামটা বলেই একটু চুপ করে গেলেন। “জানেন, প্রতি পুজোয় আমার বাড়িতে আসতেন। আমার মা বেঁচে থাকতে নিজের হাতে নাড়ু বানিয়ে রাখতেন ওঁর জন্য। উনি বলতেন, নিখিল, তোমার মায়ের নাড়ুর জন্যই আমি পুজোর অপেক্ষা করি।” নিখিল বাবু চশমা খুলে মুছলেন। “এই বয়সে বন্ধু হারানো, বুঝলেন, শরীরের একটা হাড় খুলে নেওয়ার মতো।”
“প্রেসের কোনো বাকি ছিল আপনার কাছে?” মামা জিজ্ঞেস করল।
“ছিল। সাড়ে আঠারো হাজার। শেষ তিন মাসের কাগজ। উনি অসুস্থ ছিলেন, আমি চাইনি। চাওয়ার কথা মাথাতেও আসেনি।” নিখিল বাবু একটু থামলেন। “কিন্তু শোধ হয়ে গেছে।”
“কে শোধ করল? সালেহা ভাবি?”
“না। সেটাই তো আশ্চর্য।” নিখিল বাবু কাউন্টারের ড্রয়ার খুললেন, অনেক কাগজের নিচ থেকে একটা খাম বের করলেন। সাধারণ খাম, বাদামি। “মাস দেড়েক আগে, একদিন সকালে দোকান খুলে দেখি শাটারের ফাঁক দিয়ে কেউ এটা ঢুকিয়ে দিয়ে গেছে। ভেতরে ঠিক সাড়ে আঠারো হাজার টাকা। আর এই কাগজটা।”
তিনি একটা ছোট চিরকুট বের করে মামার হাতে দিলেন। আমি মামার কাঁধের ওপর দিয়ে দেখলাম। নীল কালিতে, বড় বড় অক্ষরে, যেভাবে মানুষ নিজের হাতের লেখা লুকাতে চাইলে লেখে:
হক প্রিন্টার্সের হিসাব। পুরা।
কোনো নাম নেই।
“আমি ভাবিকে জিজ্ঞেস করেছিলাম,” নিখিল বাবু বললেন। “উনি কিছু জানেন না। উল্টো আমাকে জিজ্ঞেস করলেন, কত বাকি ছিল। আমি তখন বললাম, কিছু না, ভাবি, কিছু বাকি ছিল না। মিথ্যে বলিনি। তখন তো সত্যিই আর কিছু বাকি ছিল না।”
“চিরকুটটা কি আমি কয়েক দিন রাখতে পারি?” মামা জিজ্ঞেস করল।
নিখিল বাবু একটু ইতস্তত করলেন। তারপর মাথা নাড়লেন। “রাখুন। কিন্তু দাদা, একটা কথা।” তিনি গলা নামালেন। “পাড়ায় শুনছি, নূরুল ভাই নাকি রাতে ভাবিকে ফোন করেন। দেনার কথা বলেন।” তিনি আমার দিকে একবার তাকালেন, তারপর মামার দিকে। “যে দেনার কথা বলে, সে দেনা তো আমার কাছে ছিল। আর আমার দেনা তো শোধ হয়ে গেছে। তাহলে উনি আর কোন দেনার কথা বলেন?”
কেউ উত্তর দিল না। দোকানের ছেলেটা তিন কাপ চা নিয়ে ঢুকল। চায়ের ওপর দিয়ে ভাপ উঠছিল, আর লক্ষ্মীর ছবির সামনে প্রদীপটা কাঁপছিল।
ফেরার আগে মোড়ের একটা দোকান থেকে আম্মুর রান্নার বইটা কিনলাম। দোকানদার দাম চাইল চারশো। আমি দরাদরি শুরু করার আগেই মামা কিছু না বলে দোকানদারের দিকে শুধু তাকিয়ে রইল। দশ সেকেন্ড। দোকানদার একবার কাশল, একবার বইয়ের মলাট উল্টাল, তারপর বলল, “আচ্ছা, আড়াইশো দেন।” মামার এই ক্ষমতার কথা আমি জানতাম না। পরীক্ষার হলে কাজে লাগত।
ফেরার পথে বাংলাবাজারের মোড়ে রিকশা পাওয়া গেল না। আমরা হেঁটে লক্ষ্মীবাজারের দিকে এগোলাম। আকাশে কমলা আলো, আর রাস্তায় ঘরে ফেরা মানুষের ভিড়। আম্মুর রান্নার বইটা আমার ব্যাগে। ভর্তা আর ভাজির তিনশো পদ। আম্মু এখান থেকে শিখবে না, আমি জানি। কিন্তু আম্মু খুশি হবে।
“মামা,” আমি বললাম, হাঁটতে হাঁটতে, “আমি বুঝতে পারছি না।”
“কোনটা?”
“দুইজন মানুষ। একজন আঙ্কেলের গলায় আন্টির কাছে টাকা চায়। দেনার কথা বলে। আরেকজন কোনো নাম ছাড়া রাতের বেলা কাদের মিয়ার বেতন রেখে যায়, নিখিল বাবুর দেনা শোধ করে দেয়। একজন নেয়, একজন দেয়।” আমি একটু থামলাম। “দুইজনই লুকিয়ে কাজ করে। দুইজনই রাতে।”
মামা হাঁটা থামাল না। “আর?”
“আর লোহার গন্ধ। আর শফিক চাচা বলেছিলেন, ভাইজানের দেনা ছিল, আমি জানি। তিনি জানতেন, কারণ তিনিই শোধ করেছেন।” আমি নিজের কথায় নিজেই অবাক হলাম। “তাহলে শফিক চাচা ভালো মানুষ?”
“অথবা,” মামা বলল, “একজন মানুষ একসাথে দুটো কাজই করতে পারে। এক হাতে দেয়, আরেক হাতে নেয়।”
আমি থমকে দাঁড়ালাম। মামা দাঁড়াল না। আমাকে দৌড়ে মামাকে ধরতে হলো।
“আর কাদের মিয়া?” ধরে ফেলে জিজ্ঞেস করলাম। “উনি তো আমার ফিসফিস শুনেছেন। আমি দেখেছি।”
“দেখেছি।”
“তাহলে উনি কানে কম শোনার ভান করেন কেন?”
মামা এবার একটু থামল। লক্ষ্মীবাজারের মোড়ে একটা চায়ের দোকানের সামনে। দোকানের রেডিওতে কেউ পুরোনো দিনের গান শুনছে।
“মানুষ অনেক কারণে কম শোনে, মায়া,” মামা বলল। “কেউ কান খারাপ বলে। আর কেউ যা শুনেছে সেটা না শোনার ভান করে, কারণ শুনলে কিছু একটা করতে হবে।”
লক্ষ্মীবাজারের মোড় থেকে মামা আমাকে সিএনজিতে তুলে দিল। মোহাম্মদপুর পৌঁছাতে পৌঁছাতে মাগরিব পার হয়ে গেল। আম্মু বারান্দায় দাঁড়িয়ে ছিল, ফোন হাতে। স্ক্রিনে গুগল ম্যাপ খোলা। বুঝলাম, আজিমপুর থেকে বাসা পর্যন্ত আমার নীল বিন্দুটা আম্মু পুরো রাস্তা এভাবেই দেখেছে। রাতে আমার ঘুম আসছিল না। শুয়ে শুয়ে ভাবছিলাম কাদের মিয়ার কথা। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা একজন বুড়ো মানুষ। সিঁড়িতে ভারী পায়ের শব্দ। আর তিনি চোখ বন্ধ করে আছেন, কারণ চোখ খুললে হয়তো এমন কিছু দেখবেন, যা দেখতে চান না।
গত শুক্রবার সিঁড়ির মুখে দাঁড়িয়ে আন্টি বলেছিলেন, আগামী বৃহস্পতিবার আবার ফোন দেবে। সেই বৃহস্পতিবার আজ।
আমি ফোনটা হাতের কাছে রেখে শুয়ে থাকলাম। একটা বাজল। দুইটা। আড়াইটার দিকে মনে হয় একটু চোখ লেগে এসেছিল।
তিনটা সাত মিনিটে ফোনটা কাঁপল।
তানিয়া আপু।
“মায়া। জেগে আছ?”
আমি সঙ্গে সঙ্গে লিখলাম, “হ্যাঁ।”
তিনটা বিন্দু। লিখছে। থামছে। আবার লিখছে।
“আব্বু আবার ফোন দিছিল। এখন। আম্মা মামাকে ফোন দিছে, মামা আসতেছে।”
তারপর আরেকটা মেসেজ।
“কিন্তু মায়া, আজকে অন্যরকম। আজকে আম্মা যা জিজ্ঞেস করছে, আব্বু উত্তর দিছে।”
আমি বিছানায় উঠে বসলাম। আঙুল কাঁপছিল।
“কী বলছে?”
অনেকক্ষণ কিছু এল না। জানালার বাইরে মোহাম্মদপুরের রাস্তায় একটা কুকুর ডেকে উঠল, তারপর চুপ করে গেল।
তারপর শেষ মেসেজটা এল।
“বলছে, শফিক চাচারে বিশ্বাস কোরো না।”